
সুরের জাদুতে দুই দেশের শ্রোতাদের মন জয় করেছেন তিনি। একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে সংগীতপ্রেমীদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। ‘মিতওয়া’, ‘তেরি ঝুকি নজর’, ‘তেরে নয়না’র মতো গান আজও শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে। তবে তিনি গত দু’বছর ধরে এক কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। তা এতদিন অনেকেরই অজানা ছিল। সম্প্রতি নিজের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আনলেন।
জানা গিয়েছে, মাল্টিপল মায়েলোমা নামক এক ধরনের বিরল ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের গায়ক শফকত আমানত আলি। এই কঠিন রোগের কারণে দীর্ঘ সময় শয্যাশায়ী থাকতে হয়েছিল তাঁকে। প্রায় এক বছর বিছানায় কাটিয়েছেন শিল্পী। সেই সময় তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক ছিল বলেও জানিয়েছেন তিনি। দীর্ঘ চিকিৎসা, কেমোথেরাপি এবং মানসিক শক্তির জোরে ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে চলেছেন গায়ক।
সম্প্রতি করাচিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে নিজের অসুস্থতার অভিজ্ঞতা ভাগ করে নেন শফকত। সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁর এই অসুস্থতা পরিবার, বন্ধু এবং অনুরাগীদেরও মানসিক ভাবে ভেঙে দিয়েছিল। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে গিয়ে অনেকের কাছ থেকে নিজের অসুস্থতার বিষয়টি আড়ালেও রাখতে হয়েছিল তাঁকে।

শফকত জানিয়েছেন, মাল্টিপল মায়েলোমার মতো ভয়াবহ রোগের সঙ্গে লড়াই করা তাঁর জীবনের অন্যতম কঠিন অধ্যায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে সুস্থ হয়ে ওঠার জন্য দীর্ঘ সময় চিকিৎসার উপর নির্ভর করতে হয়েছে তাঁকে। তবে শেষ পর্যন্ত হার মানেননি শিল্পী। লড়াই চালিয়ে গিয়েছেন নিজের মতো করে।
কেমোথেরাপি শেষ হওয়ার পর ফের সংগীতের জগতে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে লাহোরে একটি অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চে প্রত্যাবর্তন করেন শফকত। দীর্ঘদিন পর দর্শকদের সামনে দাঁড়িয়ে গান গাওয়া তাঁর কাছে সহজ ছিল না। শারীরিক দুর্বলতা কাটিয়ে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। বর্তমানে রেকর্ডিংয়ের কাজের পাশাপাশি বিভিন্ন লাইভ অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি। অসুস্থতার কঠিন অধ্যায় পেরিয়ে আবারও সুরের জগতে ফিরছেন এই জনপ্রিয় শিল্পী।
