আচমকাই বড়সড় বিপদের মুখে মৌসুমী চ্যাটার্জি! ঠিক কি হয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর?

মৌসুমী চ্যাটার্জি

বলিউডের সাতের দশকের জনপ্রিয় নায়িকা মৌসুমী চট্টোপাধ্যায়—যার হাসি আর সাবলীল অভিনয় আজও দর্শকদের মনে জায়গা করে রেখেছে। তবে আচমকাই বড়সড় বিপাকে পড়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ঠিক কি ঘটেছে অভিনেত্রীর সাথে? অভিনেত্রীর বিরুদ্ধে ৩ লাখ টাকা প্রতারণার অভিযোগ তুলেছে একটি সংস্থা। আর এই ঘটনায় বড় রায় দিল আদালত।

জানা গিয়েছে, মৌসুমী চট্টোপাধ্যায় সম্প্রতি একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। নিয়েছিলেন ৩ লক্ষ টাকা। কিন্তু টাকা নিয়েও তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি। এরপরেই ওই আয়োজক অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় বড় আইনি পদক্ষেপ নিল মহারাষ্ট্রের উপভোক্তা কমিশন।

গোটা বিষয়টিতে মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই রায় দিয়েছে কমিশন। আয়োজককে ৩ লক্ষ টাকা ফেরত দিতে হবে মৌসুমিকে, শুধু তাই নয় হয়রানি করার জন্য আরও ১ লক্ষ টাকা। ক্ষতিপূরণ দিতে হবে অভিনেত্রীকে। এছাড়াও মামলার খরচ বাবদ অভিনেত্রীকে দিতে হবে আরও ২৫ হাজার টাকা।

ঘটনাটির সূত্রপাত অনেক আগে। ২০২৩ সালে একজন অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক, গোয়ায় তাঁর মেডিক্যাল কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৌসুমী চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানান। সবকিছুই চুক্তিবদ্ধভাবে হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজকের কাছ থেকে ৩ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। অগ্রিম দু’লক্ষ টাকা এবং বাকি অনুষ্ঠানে পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল। এছাড়াও অভিনেত্রীর বিমান ভাড়া থেকে শুরু করে থাকার ব্যবস্থা সবকিছুই বহন করার কথা ছিল অভিযোগকারীর।

কিন্তু অভিযোগকারীর অভিযোগ অনুযায়ী, মৌসুমী চট্টোপাধ্যায় গোয়ায় পৌঁছেছিলেন ঠিকই কিন্তু সময়মতো যাননি নির্ধারিত অনুষ্ঠানে। গোয়ায় একদিন থেকে পরের দিন তিনি আবার ফিরে যান কলকাতায়। এরপর অভিনেত্রীর কাছ থেকে টাকা ফেরত চাইলে তিনি সেটা দিতে অস্বীকার করেন। এরপরই ওই আয়োজক উপভোক্তা কমিশনের দ্বারস্থ হন।