
লোপামুদ্রা মিত্রর গান মানেই আলাদা অনুভুতি, ৯০ দশকের ছেলেমেয়েদের বড় হয়ে ওঠার সঙ্গী। এতদিন তাকে দর্শক বিভিন্ন সময় বিভিন্ন রিয়্যালিটি শোতে গান গাইতে দেখেছে কিংবা কোন অনুষ্ঠানে বিচারক বা অতিথি বিচারক হিসেবেও দেখেছে। কিন্তু এবার আর গায়িকা কিংবা গানের রিয়্যালিটি শোয়ের বিচারক হয়ে না বরং ছোটপর্দায় এক অন্য অবতারে দেখা যাবে লোপামুদ্রাকে।
সান বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। সুদীপ্তা চক্রবর্তী সঞ্চালিত এই শোতেই এবার চমক হিসেবে আসতে চলেছেন গায়িকা লোপামুদ্রা মিত্র। এপ্রিল মাসের ফিনালে এপিসোডে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে লোপামুদ্রাকে। চলতি মাসের শেষটায় লোপামুদ্রা মিত্রর উপস্থিতি এবং গান দিয়েই শেষ করবে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ শো। গানের সুরে সুরে শেষ হবে এই রিয়্যালিটি শো।
‘আয় আয় কে যাবি’, ‘ধাতিনা নাতিনা’, ‘বাংলা আমার সর্ষে ইলিশ’, ‘মুশকিল আসান’, ইত্যাদির মতো জনপ্রিয় গান গেয়ে এই পর্ব জমিয়ে তুলবেন লোপামুদ্রা মিত্র।
এদিন অংশগ্রহণকারীদের সঙ্গেও আড্ডা জমাবেন লোপামুদ্রা। শুনবেন তাঁদের ব্যক্তিগত জীবন, লড়াইয়ের কথা। বলাই বাহুল্য, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ শোতে বরাবর নারীদের জীবনের অনুপ্রেরণামূলক কথা উঠে আসে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ শোয়ের এপ্রিল মাসের ফিনালে এপিসোডে আগামী ৩০ এপ্রিল সম্প্রচারিত হবে সান বাংলায়। দেখা যাবে সন্ধ্যা ৭ টায়।
