
হাসিখুশি ও বিনোদনে ভরপুর ‘DJ মাউজ’ খ্যাত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তকে শারীরিক অসুস্থতার জেরে মাঝপথেই বিদায় জানাতে হলো বিগ বসের ঘর থেকে। কেউই এই বিদায় মেনে নিতে পারছেন না। একইসঙ্গে কুড়ে কুড়ে খাচ্ছে প্রিয় প্রতিযোগির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। জানা যাচ্ছে, গলব্লাডার স্টোন অর্থাৎ পিত্তথলির পাথর বড় হয়ে যাওয়ায় এবং চিকিৎসকদের কঠোর পরামর্শের পর নির্মাতারা তড়িঘড়ি ঝিলমকে শো থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ঝিলমের মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী তাকে অস্ত্রোপচারেরও সিদ্ধান্ত দেন চিকিৎসক।
জানা গিয়েছে, তার প্রচন্ড পেটে ব্যাথা হচ্ছিল, অথচ এই শারীরিক সমস্যার মাঝেই এতদিন তিনি বিগবসের ঘরে খেলা চালিয়ে গেছেন। বাইরে থেকে তার পরিস্থিতি বোঝা যায়নি বলেই দর্শকমহলের অনেকেই তাকে অলস বা কাজে অনীহা দেখানো প্রতিযোগী বলে মনে করেছিলেন। এবার ঘর থেকে বেরিয়েই সেই ভুল ধারনা নিয়ে মুখ খুললেন ঝিলম।
ঝিলম জানান, বিগবসে যাওয়ার আগেই নাকি তার গলব্লাডারে পাথর ধরা পরেছিল। সমস্যা জানা সত্বেও তিনি শোয়ে অংশ নেন। কিছুদিন পর থেকেই প্রচন্ড পেটে ব্যাথা, সামলাতে না পেরে তাকে নিয়মিত পেনকিলার খেতে হত। বিগবসের ঘরে ঝিলমের আচরণ নিয়েও কম আলোচনা হয়নি। বাইরে থেকে যে আচরণকে অনেকে তার স্বভাব বা অনীহা হিসেবে দেখেছিলেন তার পিছনে অন্যতম কারন তার শারীরিক অসুস্থতা।
