
গুরুতর অসুস্থ অভিনেত্রী দর্শনা বণিক। শারীরিক অবস্থার অবনতিতে তড়িঘড়ি অভিনেত্রীকে ভর্তি করতে হয় হাসপাতালে। ঠিক কি হয়েছে অভিনেত্রীর? জানা গেছে, বেশ কিছু দিন ধরেই জ্বর অভিনেত্রীর। তাই নিয়েই কাজ করে যাচ্ছিলেন। কিন্তু জ্বর কিছুতেই কমছিল না। শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় অসুস্থ হয়ে পরেন দর্শনা। এই মুহুর্তে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন দর্শনা।
অভিনেত্রীর স্বামী সৌরভ দাস জানিয়েছেন, “টানা চাপ যাচ্ছিল দর্শনার। বিজ্ঞাপনী ছবির শুটিং চলছিল। হয়তো কোনও ভাবে রোদ লেগেছে। বা হয়তো এমন কিছু খেয়ে ফেলেছিল, যা ওর পেটে সহ্য হয়নি। সম্ভবত এ সব থেকেই অসুস্থ হয়ে পড়েছে।”
শুটিং চালিয়ে যেতেই ওষুধ খেয়ে কাজ করছিলেন দর্শনা। ওষুধের প্রভাবে জ্বর সাময়িক ছাড়লেও, তা ঘুরেফিরে আসছিল। পেটের সংক্রমণও কাবু করে ফেলেছিল তাঁকে। এমনকি পরীক্ষায় তাঁর মূত্রনালিতে সংক্রমণও ধরা পড়েছে। তাই শুধু ওষুধের উপরে তাকে না রেখে হাসপাতালে ভর্তি করিয়ে নেন চিকিৎসক। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়েছে তার।
আগের তুলনায় সুস্থ তিনি। এ দিকে দর্শনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। তাঁদের উদ্দেশে অভিনেত্রীর বার্তা, চিন্তার কারণ নেই। আগামিকাল, শনিবার হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।
