
ফের আলোচনার শিরোনামে গায়িকা ইমন চক্রবর্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গায়িকার মন্তব্যে ঘিরে হইচই নেটপাড়ায়। ফের সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণের মুখে পড়লেন গায়িকা। কিছুদিন আগে নিজের বাড়িতে ধুমধাম করে জগন্নাথ পুজোর আয়োজন করেছিলেন ইমন। সেই সময় পুজোর আসনে ভগবান জগন্নাথের উপরদিকে তাঁর প্রয়াত মায়ের ছবিও রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ইমন স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর কাছে বাবা-মায়ের স্থান সর্বোচ্চ। অন্যের মতামত সেই বিশ্বাস বদলাতে পারবে না।
তবে সম্প্রতি এক ফেসবুক পোস্টে এক মহিলা প্রশ্ন তোলেন, কেন ভগবান জগন্নাথের উপরে ইমনের মায়ের ছবি রাখা হয়েছিল। ওই পোস্টে গায়িকার পেশাগত জীবন, পারিশ্রমিক এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়েও একাধিক অভিযোগ করা হয়। যদিও সেই দাবিগুলির পক্ষে কোনও প্রমাণ দেওয়া হয়নি।
এবার সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন ইমন। পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ইমন লেখেন, “অনেক হয়েছে। ধৈর্যের বাধ ভাঙলে মুশকিল। এই মহিলা আমাকে ব্লক করে এই পোস্টটি করেছেন। যা যা বলেছেন উনি তার প্রমাণ দিক। কোথায় কত টাকার গল্প উনি দিচ্ছেন তার প্রমাণ তো আমার চাই। আর না হলে এবার একটু মুশকিল।”
গায়িকা আরও লেখেন, “হ্যাঁ, আমার কাছে আমার বাবা-মা-ই সবার আগে।” ইমনের পোস্টের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন বহু অনুরাগী। এক নেটিজেন মন্তব্য করেন, “মানুষ যখন নিজের পরিশ্রমে সফল হয়, তখন হিংসুকরা নানা কথা বলবেই। জীবন্ত ঈশ্বর অর্থাৎ নিজের মা-বাবাকে সম্মান করাই সবচেয়ে বড় ধর্ম।”
