
২০২১ সালে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণের পর দীর্ঘ সময় নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রেখেছিলেন তাঁর স্ত্রী সোহিনী দাশগুপ্ত। স্বামীর অসমাপ্ত স্বপ্ন, স্মৃতি এবং স্বামীর অসাধারণ কাজকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। তবে জীবনের পথ তো থেমে থাকে না। সময়ের সঙ্গে জীবনের নতুন বাস্তবতাকেও গ্রহণ করেছেন স্ত্রী সোহিনী। বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুর প্রায় পাঁচ বছর পর ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সোহিনী।
একসময় বয়সের বিশাল ব্যবধানকে উপেক্ষা করেই পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন সোহিনী। তাঁদের অসময় বয়সী প্রেম, বিয়ে নিয়ে একটা সময় কমচর্চা হয়নি টলিপাড়ায়। ২২ বছর বয়সী সোহিনী ৫৯ বছরের বুদ্ধদেব দাশগুপ্তর প্রেমে পড়েছিলেন। ২০১৫ সালে বিয়ে করেন তাঁরা। দুজনের বয়সের ফারাক ছিল ৩৬ বছরের। বয়সের এই ফারাক কোনওদিন বাধা হয়নি তাঁদের দাম্পত্যে। তাঁদের সম্পর্ক নিয়ে বহু আলোচনা হলেও, বাস্তবে সেই সম্পর্ক ছিল গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং পারস্পরিক বোঝাপড়ার উপর দাঁড়ানো। সোহিনী শুধু স্ত্রী নন, বুদ্ধদেবের সহকারী পরিচালক এবং সহকারী চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন বহু প্রকল্পে।
প্রয়াত স্বামীর স্মৃতিকে সম্মান জানিয়েই তিনি জীবনের নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। সোহিনীর এই সিদ্ধান্তে শুভেচ্ছা ও সমর্থনও পেয়েছেন তাঁর কাছের মানুষদের কাছ থেকে। জীবনের কোন নতুন পথে পা বাড়ালেন সোহিনী?
সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধু ও অস্ট্রেলিয়া-প্রবাসী গবেষক সুমন রক্ষিতের সঙ্গে বাগদান সারলেন সোহিনী। খুব ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে আংটি বদল করেন সোহিনী ও সুমন। সুমন রক্ষিত পেশায় একজন গবেষক। বর্তমানে অস্ট্রেলিয়ার পার্থ শহরের একটি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কর্মরত। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছে তাঁদের নতুন সম্পর্ক।
