শারীরিক অবস্থা চরম আশঙ্কাজনক! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, স্বামীর অসুস্থতায় চিন্তিত স্ত্রী পাপিয়া সেন

রাজা সেন

গুরুতর অসুস্থ টলিউডের প্রবীণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেন। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, শুক্রবার সকালে পর পর দু’বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থা চরম আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে খবর, বয়সের ভারে এবং বেশ কিছু শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। সম্প্রতি তার অবস্থার অবনতি ঘটলে ভেন্টিলেশন সাপোর্টে রাখতে বাধ্য হন চিকিৎসকেরা।

পরিচালকের এই দীর্ঘ শারীরিক লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল বেশ কয়েক বছর আগে। ২০১৪ সালে ‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিং চলার সময়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে মারাত্মক চোট পান তিনি। সেই সময়ে আঘাতটিকে বিশেষ পাত্তা দেননি তিনি। কিন্তু অবহেলা করার সেই মাশুল গুনতে হয় পরবর্তীকালে। গত ছয়-সাত বছর ধরে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে তীব্র কষ্টে পড়তে হত তাঁকে।

চলতি বছরের শুরুতেই হঠাৎ শরীরের নীচের অংশ অবশ হয়ে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। তড়িঘড়ি চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে ধরা পড়ে জটিল স্নায়ুর সমস্যা। যদিও ততক্ষণে চিকিৎসার ক্ষেত্রে দেরি হয়ে গিয়েছিল অনেকটাই। শেষমেশ গত ফেব্রুয়ারি মাসে তাঁর কোমর ও মেরুদণ্ডের মাঝের অংশে একটি বড় অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর কিছুদিনের জন্য সুস্থতার আলো দেখা গেলেও, বছর ঘোরার আগেই ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে তাঁর পরিবার এবং সিনেপাড়ার অন্দরে। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান এই পরিচালক।