
সোশ্যাল মিডিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নতুন কিছু নয়। মাঝেমধ্যেই তাঁদের ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। কখনও সেই চর্চা সীমা ছাড়িয়ে এমন জায়গায় পৌঁছয় যে, প্রকাশ্যে মুখ খুলতে বাধ্য হন তারকারাও। বর্তমানে তেমনই এক বিতর্ককে কেন্দ্র করে আলোচনায় অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। তাঁদের সম্পর্ক নিয়ে ছড়িয়েছে একাধিক জল্পনা। এমনকি দুজনের একসঙ্গে থাকার খবরও রটেছে সোশ্যাল মিডিয়ায়।
এই গুঞ্জনের জেরে মানসীর ধারাবাহিক ছাড়ার খবরও ছড়িয়ে পড়ে। যদিও এই সমস্ত জল্পনায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছেন মানসী ও বিশ্বরূপ দুজনেই। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে যেভাবে আলোচনা চলছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী। বিশেষ করে ট্রোলার এবং সংবাদমাধ্যমের একাংশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তিনি।
এরই মধ্যে অভিনেত্রী অনন্যা গুহর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা। যদিও নিজের পোস্টে কারও নাম সরাসরি উল্লেখ করেননি অনন্যা। তবে নেটিজেনদের একাংশের দাবি, তাঁর নিশানায় রয়েছেন মানসী সেনগুপ্ত। অতীতে অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডুর বিয়েতে বাউন্সার রাখার সিদ্ধান্ত নিয়ে মানসীকে কটাক্ষ করতে দেখা গিয়েছিল। এবার অনন্যার পোস্টের বক্তব্যের সঙ্গে সেই পুরনো ঘটনার যোগ খুঁজে পাচ্ছেন অনেকে।
পোস্টে অনন্যা লেখেন, ‘আরে, খুব পিছনে লেগেছিলি না? এবার কী হলো ভাই? নিজের পিছনে লোক লাগলে কেমন লাগে, সেটা তো এবার বুঝতেই পারছিস। আমার ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলে, কত ভিডিও বানিয়ে টাকা কামিয়েছিস। কিন্তু আমি সেটা করব না। কারণ আমার শিক্ষা, আমার রুচি আমাকে সেই জায়গায় নামতে শেখায়নি। তবে একটা কথা, ব্যাপারটা বেশ মজার হচ্ছে! হ্যাঁ,ঠুকলাম একজনকে।’
অনন্যার এই পোস্টের পরেই মন্তব্যের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন লেখেন, ‘সময় কিন্তু কথা বলে। ইউনিভার্সে যা দেবে, তাই ফেরত আসবে।’ অন্য এক জনের মন্তব্য, ‘বিয়েতে কি বাউন্সার নিয়ে যাবি ভাই? বলে খিল্লি করেছিল। এবার ঠিক হয়েছে। একেই বলে কর্মফল।’
