সকাল হতেই ফের খারাপ খবর। কাছের মানুষকে হারালেন অভিনেত্রী দেবশ্রী রায়। দিদিকে হারিয়ে কান্নায় ভেঙে পরলেন দেবশ্রী। শোকের ছায়া বলিউডের মুখার্জি পরিবারে। প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন দেবশ্রী রায়ের মেজ দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়।
কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর প্রকাশ্যে আনা হয়েছে জামাই আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থার তরফে। এক বিবৃতিতে যশরাজ ফিল্মসের তরফে জানানো হয়েছে, “অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা জানাচ্ছি যে, “রানি মুখোপাধ্যায়ের মা শ্রীমতি কৃষ্ণা মুখোপাধ্যায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এযাবৎকাল আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং পাশে থাকার জন্য মুখার্জি পরিবার আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি।”

জনসাধারণের কাছে তিনি রানির মা হিসেবে পরিচিত হলেও একসময়ে বলিউডের বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করেছেন। স্বামী রাম মুখোপাধ্যায় ছিলেন তৎকালীন খ্যাতনামা পরিচালক। ছয়ের দশকে তিনি ছিলেন জনপ্রিয় ফাংশান আর্টিস্ট। কৃষ্ণা বিয়ে করেছিলেন মুম্বইয়ের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারে।
তাঁদের দুই সন্তান রাজা আর রানি। রানির সিনেমা জগতে আসা মাসি দেবশ্রী রায়ের স্টারডম দেখেই। রানি মুখোপাধ্যায়ের ছোটবেলায় আইডল ছিলেন তাঁর ছোট মাসি দেবশ্রী রায়।

