৫২ বছর বয়সেও নিঃসন্তান! ‘আমিও তো একজন মা… ওই ছেলেমেয়ে গুলো আমারই…’, মা হওয়া নিয়ে মুখ খুললেন সোহিনী সেনগুপ্ত

সোহিনী সেনগুপ্ত

শুধু সন্তান জন্ম দেওয়া মানেই কি মাতৃত্ব? এই প্রচলিত ধারণাকে এবার চ্যালেঞ্জ জানালেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে ফের আরও একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সোহিনী।

ব্যক্তিগত জীবনেও বহুবার চর্চায় থেকেছেন সোহিনী। অভিনেতা সপ্তর্ষি মৌলিকের সঙ্গে তাঁর সম্পর্ক এবং সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে সেই সিদ্ধান্ত যে সম্পূর্ণ তাদের ইচ্ছাতেই নেওয়া, তা আগেও জানিয়েছেন এই দম্পতি।

সাক্ষাৎকারে সোহিনী বলেন, একসময় তিনিও মনে করতেন মাতৃত্ব মানে সন্তান জন্ম দেওয়া। কিন্তু সময়ের সাথে সাথে তার কাছে মাতৃত্বের বা মা হওয়ার সম্পূর্ণ ধারণাটাই বদলে গিয়েছে। এখন তিনি বিশ্বাস করেন, একজন মানুষের প্রতি নিঃস্বার্থভাবে দায়িত্ব নেওয়া এবং পাশে থাকার মধ্যেই মাতৃত্বের আসল অর্থ লুকিয়ে রয়েছে।

সোহিনীর মতে, মা হওয়া শুধুমাত্র বায়োলজিক্যাল বা জৈবিক বিষয় নয়। বরং ভালোবাসা, দায়িত্ববোধ এবং যত্ন নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত মাতৃত্ব। অভিনেত্রী জানান, তিনি নিজেকে তাঁর পোষ্য কুকুরদের মা বলে মনে করেন। শুধু তাই নয়, বর্তমানে যখন তিনি ‘কমলা নিবাস’ ধারাবাহিকের শুটিং করেন, তখন সেই সেটে তরুণ অভিনেতা-অভিনেত্রীদের তিনি নিজের সন্তান বলেই বিশ্বাস করেন। নিজে সন্তান জন্ম না দিয়েও পর্দায় ও পর্দার বাইরে সমানভাবে মাতৃত্বকে উপভোগ করছেন সোহিনী।

অভিনেত্রীর এই মন্তব্য ইতিমধ্যেই অনেকের মন ছুঁয়েছে। কারণ তাঁর কথায় উঠে এসেছে মাতৃত্বের এক ভিন্ন এবং আধুনিক ব্যাখ্যা। যেখানে সম্পর্কের চেয়ে বড় হয়ে ওঠে ভালোবাসা, মমতা এবং দায়িত্ববোধ।