
সম্প্রতি অভিনেতা ভাস্বর চ্যাটার্জীর শেয়ার করা একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই ফেলেছে। টলিউড ইন্ডাস্ট্রির অন্দরের জালিয়াতি নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা ভাস্বর। অভিনেতার সাথে ঘটে যাওয়া এমন এক ঘটনা যা শুনে চমকে উঠেছেন অনুরাগীরা। তবে ভাস্বর একা নয়, এই পরিস্থিতির ভুক্তভোগী ছিলেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জি ও অভিনেতা শুভ্রজিৎ দত্ত। ঠিক কী হয়েছিল?
এদিন একটি পোস্ট শেয়ার করে ভাস্কর লেখেন, ‘একটা মজার ঘটনা বলি। আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে টাকা না পাওয়ার গল্পের শেষ নেই। আমাদের অনেকের সঙ্গেই অল্প বিস্তর হয়েছে,কেউ পেরেছে আদায় করতে কেউ পারেনি। একটি প্রোডাকশন হাউস ছিল(নাম বলছি না) তারা অনেক টেলিফিল্ম করত। ভাল গল্প,ভাল ডিরেক্টর,ভাল আর্টিস্ট…দর্শক দেখতো। একটা সময় দেখা গেল এরা কিছুতেই সময়মত টাকা দিচ্ছে না,সবার অনেক বাকি।কী ভাবে আদায় করব? শুনলাম জয়জিৎ এর টাকা বাকি ছিল, ও গিয়ে বিরাট কাণ্ড করেছে। প্রোডিউসার এর অফিসে গিয়ে বলেছে টাকা দিন, দেয়নি। তখন তার টেবিলে রাখা কম্পিউটার তুলে নিয়ে এসেছে। এই শুনে আমি উত্তেজিত হয়ে প্রোডিউসার কে ফোন করলাম, বললাম টাকা না দিলে আমিও কিন্তু এরকম কিছু করতে বাধ্য হব।’
ভাস্বর আরও লেখেন, ‘এ শুনে অভিনেতা শুভ্রজিৎ দত্ত সাহস করে চলে গেল ওনার অফিসে। বলল টাকা না দিলে আমিও জিনিস নিয়ে চলে যাব। করুণ মুখে প্রোডিউসার বলেছিলেন,যে রেট এ সবাই সব নিয়ে চলে গেছে,চেয়ার আর টেবিল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, আপনি চাইলে নিয়ে যেতে পারেন।’
প্রসঙ্গত, ভাস্বর চ্যাটার্জির এই পোস্টে মন্তব্য করেছেন শুভ্রজিৎ। তিনি জানিয়েছেন, এতকিছুর পরেও নাকি তিনি তাঁর পারিশ্রমিক পাননি।

