‘আতঙ্কে হাত-পা কাঁপছে… আমি মরেই যেতাম… উনি যেভাবে টেনে হিঁচড়ে আমাকে… প্রাণভয়ে মাঝরাস্তায় গাড়ি থেকে…’, ভয়ঙ্কর বিপদের মুখে ‘বাঘিনী’ খ্যাত অভিনেত্রী সম্পিতা প্রামাণিক

সম্পিতা প্রামাণিক

শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে রাতের কলকাতায় চূড়ান্ত হেনস্তার শিকার ‘বাঘিনী’ ধারাবাহিকের অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। ‘মহুয়া’র চরিত্রে অভিনয় করে স্বল্প সময়ের মধ্যেই দর্শকমহলের ‘ঘরের মেয়ে’ হয়ে উঠেছেন অভিনেত্রী। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী।

সম্পিতা জানিয়েছেন, এদিন হাজরা মোড়ের বসুশ্রী সিনেমার সামনে থেকে একটি ক্যাব বুক করেছিলেন তিনি। প্রথমটায় পার্ক স্ট্রিটে এক চিকিৎসকের কাছে যাওয়ার কথা থাকলেও শুটিং শেষ করতে দেরি হওয়ায় দমদমে বাড়ির উদ্দেশেই রওনা হন। তবে ক্যাবে ওঠার পর থেকেই চালকের আচরণ সন্দেহজনক ঠেকে সম্পিতার। পরিস্থিতি বেগতিক দেখে অভিনেত্রী রবীন্দ্র সরোবর মেট্রোর কাছে নামতে চান।

সম্পিতার ওই ক্যাবচালককে একাধিকবার বলা সত্ত্বেও প্রথমটায় তিনি গাড়ি থামাতে চাইছিলেন না। তবে সম্পিতা জোরাজুরি করতে শেষমেশরবীন্দ্র সরোবর মেট্রোর কাছে গাড়ি থামান চালক। এরপরই ভাড়া নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা।

সম্পিতার পকেটে দুটো ফোন ঢুকিয়ে নিলেও শুটিংয়ের ভারী ব্যাগটি তখনও গাড়ির ভেতরেই ছিল। চালক কিউআর কোড স্ক্যানার এগিয়ে দিয়ে দাবি করেন, দমদম পর্যন্ত যা ভাড়া দেখিয়েছে, তার পুরো টাকাই দিতে হবে। অভিনেত্রী পালটা যুক্তি দেন, যেটুকু রাস্তা তিনি এসেছেন, সেটুকুর ভাড়াই তিনি মেটাবেন; দমদমের সম্পূর্ণ ভাড়া কেন দেবেন? এই নিয়ে তর্কাতর্কি শুরু হতেই মেজাজ হারান চালক।

সম্পিতার অভিযোগ অনুযায়ী, কথা কাটাকাটির মাঝে লাফিয়ে ব্যাগ নিয়ে তিনি গাড়ি থেকে নামেন তিনি এবং বেশ কিছুটা রাস্তা তাঁকে দৌড় করান ক্যাব ড্রাইভার। অভিনেত্রীর কথায়, সেই সময় বড়সড় দুর্ঘটনা বা প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত। এখানেই শেষ নয়, অভিনেত্রীর ব্যাগ ও টাকা-পয়সা নিয়ে গাড়ি ছুটিয়ে চম্পট দেওয়ার উপক্রম করেন ওই চালক। কোনওরকমে নিজের জিনিস বাঁচিয়ে গাড়ি থেকে সরে আসেন সম্পিতা।

আতঙ্কে তখন অভিনেত্রীর হাত-পা কাঁপছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে আসেন, তাঁকে জল খাইয়ে শান্ত করার চেষ্টা করেন। সম্পিতা জানান, গাড়িতে বসে আতঙ্কের মুহূর্তে ক্যাব সংস্থার সেফটি হেল্পলাইনে বারবার মেসেজ পাঠিয়েছিলেন তিনি। কিন্তু কোনওরকম সাহায্য মেলেনি। অবশেষে লাইভে নিজের ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, গোটা ঘটনার বিরুদ্ধে তিনি কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন।