
দীর্ঘ ৫৫ দিনের কঠিন লড়াই শেষে অবশেষে বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে নিজের পরিবারের কাছে ফিরেছেন অভিনেতা ভরত কল। তাঁর বাড়ি ফেরার মুহূর্ত ঘিরে আবেগে ভাসলেন স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায় ও মেয়ে আরিয়া। দীর্ঘদিন পর প্রিয় মানুষটিকে সামনে পেয়ে আনন্দের পাশাপাশি স্বামীর শারীরিক অবস্থা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন জয়শ্রী। কারণ, বিগ বসের ঘরে থাকাকালীন নানা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেতাকে। এমনকি বাড়ি ফেরার পর তাঁর প্রায় ১০ কেজি ওজন কমে গিয়েছে বলেও জানিয়েছেন স্ত্রী।
ভরতের অসুস্থতার প্রসঙ্গে জয়শ্রী জানান, “ও একজন ক্যা’ন্সার পেশেন্ট বাড়ি ফিরে ১০ কেজি ওজন কমে গিয়েছে। যখন বিগ বসের ঘরে একদিন বুকে হাত দিয়ে বসে পড়েছিল আমি এবং আমার মেয়ে তো চিন্তায় পড়ে গিয়েছিলাম।” অন্যদিকে, শোয়ের ভিতরে থেকেও ভরত যেভাবে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেছেন, তা তাঁর পরিবারের কাছে অত্যন্ত গর্বের।
সোশ্যাল মিডিয়ায় স্বামীকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তায় জয়শ্রী জানিয়েছেন, তাঁদের মনের ইচ্ছে হয়তো পূরণ হয়নি, কিন্তু ভরত তাঁর চোখে সবসময়ই একজন বিজয়ী। ঘরের অন্যান্য প্রতিযোগীদের প্রতি তাঁর ভালোবাসা, দায়িত্ববোধ এবং অভিভাবকের মতো আগলে রাখার মানসিকতাই জয়শ্রীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। পাশাপাশি যাঁরা ভরতকে না চিনেই তাঁকে এবং তাঁর পরিবারকে কটাক্ষ করেছেন, তাঁদেরও ক্ষমা করে দেওয়ার বার্তা দিয়েছেন অভিনেতার স্ত্রী।
জয়শ্রীর কথায়, ভরত যখন বিগ বসের ঘরে থেকে লড়াই করছিলেন, তখন তিনিও বাইরে থেকে প্রতিনিয়ত এক কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক মানুষের আসল পরিচয়ও বুঝতে পেরেছেন তিনি। তবে সমস্ত অভিজ্ঞতার শেষে স্বামীর পাশে দাঁড়িয়ে তাঁর একটাই বক্তব্য, ট্রফি হাতে না উঠলেও তাঁর কাছে ভরতই বিগ বস বাংলার প্রকৃত বিজয়ী।
