
একের পর এক বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা সিরিয়াল। এবার চ্যানেল নিল বড় সিদ্ধান্ত। সামনে এলো আরও এক খারাপ খবর। জনপ্রিয়তা থাকা সত্বেও ধারাবাহিক বন্ধের ঘোষণা করল চ্যানেল। ইতিমধ্যেই নাকি শেষদিনের শুটিংও হয়ে গিয়েছে সিরিয়ালের। এবার কোন ধারাবাহিকের উপর কোপ পড়ল?
এর আগে বেশ কয়েকবার এই ধারাবাহিক শেষের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে তখন গল্পের নতুন মোড়ে সব ধামাচাপা পড়ে গিয়েছিল। তবে এই খবরে সিলমোহর দিলেন স্বয়ং নায়িকা। দীর্ঘ ১ বছর ১০ মাসের এক দুর্দান্ত ও সফল জার্নি শেষ করল জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিক।
চলতি সপ্তাহের বৃহস্পতিবারেই শেষ শুটিং হয় এই মেগার। আর শ্যুটিং ফ্লোরের সেই শেষ মুহূর্তের আলো-আঁধারি, কেক কাটা আর বিদায়ের বিষণ্ণতা ছুঁয়ে গেল ধারাবাহিকের মূল চরিত্র তথা পর্দার ‘আনন্দী’ অন্বেষা হাজরাকে।
আবেগঘন পোস্ট শেয়ার করে অন্বেষা লিখেছেন, ‘আজ ১ বছর ১০ মাস পর আমি আনন্দীর শরীর থেকে বেরোলাম, আবার কোন নতুন শরীরে দেখা হবে…’। নীলাঞ্জনা শর্মা প্রযোজিত এই শো-এ দ্বিতীয়বারের জন্য জুটি বেঁধেছিল অন্বেষা-ঋত্বিক। যার শুরু আছে তার শেষ তো হবেই। সময়ের নিয়মে শেষ হচ্ছে আনন্দীর গল্প।
অভিনেত্রী লিখেছেন, ‘খুব ভালোভাবে বলতে গেলে এই টুকুই বলতে পারি…. আমি বাপের জন্মে এতো সম্মান পাই নি … আমাদের প্রোডিউসার নীলাঞ্জনা শর্মা সত্যিই নিজের মেয়ের মতনই আমাদের আনন্দীর খেয়াল রেখেছেন…ধন্যবাদ ম্যাম’।
যিশু সেনগুপ্তর সঙ্গে সম্পর্ক ছেদের পর যিশু উজ্জ্বল প্রোডাকশন হাউস থেকে বেরিয়ে গিয়ে নিজস্ব সংস্থা খোলেন নীলাঞ্জনা। যার প্রথম মেগা আনন্দী। সব চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে বন্ধ হচ্ছে আনন্দী।

