
আচমকাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফিসে পুলিশের হানা। দাদার অফিসে পুলিশের রেড করতে আসার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য শুরু হয়েছে নেটদুনিয়ায়। ফের কোন মহা বিপত্তিতে পড়লেন মহারাজ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক মহিলা সৌরভের সামনে এসে বলছেন, ‘দাদা, আপনার অফিসে রেড পড়েছে।’
শুনেই চমকে ওঠেন সৌরভ। পাশের কেউ একজন সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে থাকলে সৌরভ তাঁকে বাধা দেন এবং ক্যামেরা সরিয়ে নিতে বলেন। ঘটনাটি সামনে আসতেই নেটমাধ্যমে জল্পনা তুঙ্গে। প্রশ্ন ওঠে, ১২৫ কোটি টাকার বিপুল অঙ্কের চুক্তিতে ‘বিগ বস বাংলা’র সঞ্চালনা করার সিদ্ধান্ত নিতেই কি কোনো আইনি বিপাকে পড়লেন মহারাজ? শোনা যাচ্ছে পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্টির কারণেই দীর্ঘদিনের ‘দাদাগিরি’ ছেড়ে চার বছরের জন্য বিগ বসের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। বদলেছে চ্যানেল। জি বাংলা ছেড়ে দাদা এখন স্টার জলসায়।
হঠাৎ এই ‘রেড’-এর খবর কি আদৌ বাস্তব, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য? অনেকেরই ধারণা, বিষয়টি নিছকই সাজানো। ভিডিওতে সৌরভের প্রতিক্রিয়া বা আশেপাশের পরিবেশ দেখে অনেক নেটিজেনেরই দাবি, এটা শ্যুটিং সেট। রোস্টি প্রিয়াঙ্কা নামের যে প্রোফাইল থেকে এই ভিডিয়ো শেয়ার হয়েছে, তিনিও ডিজিটাল ক্রিয়েটার। কয়েক সেকেন্ডের এই দৃশ্যই এখন ভাইরাল, ইতিমধ্যেই এক মিলিয়ন অর্থাৎ ১০ লাখ ভিউজ ছুঁয়েছে এই ভিডিও।
তবে এখনও পর্যন্ত গোটা ঘটনার সত্যতা নিয়ে কোনও মন্তব্য করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে নিশ্চিত করে কিছু বলা না গেলেও, আপাতত এটুকু স্পষ্ট—ভিডিওটি যতটা না আতঙ্কের, তার চেয়ে অনেক বেশি রহস্য আর কৌতূহলের জন্ম দিয়েছে। এখন দেখার, এই ভাইরাল মুহূর্ত আদৌ কোনও বড় ঘোষণার ইঙ্গিত কি না।
