
গত ১৪ জুলাই আচমকা অসুস্থ হয়ে পড়েন টেলিভিশনের প্রবীণ অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়। নিজের বাড়িতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেইসময় তড়িঘড়ি অভিনেতাকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। বিভিন্ন পরীক্ষার পর অবশেষে জটিল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন অভিনেতার চিকিৎসক।
জানা গিয়েছে, সোমবার ২০ জুলাই বাইপাস সার্জারি হয়েছে সুমন্ত মুখোপাধ্যায়ের। অস্ত্রোপচারের পর বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে অভিনেতাকে। আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। চিকিৎসকের পর্যবেক্ষনেই আছেন তিনি। খবরটি সামনে আসতেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা।
দীর্ঘ বিরতি কাটিয়ে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় অভিনয় করার কথা ছিল অভিনেতার। কিন্তু তিনি আচমকা এভাবে অসুস্থ হয়ে পড়ায় চিন্তায় রয়েছেন নির্মাতারা। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন এবং কাজে ফিরতে পারবেন।
