‘চোখের সামনে দেখলাম ক্যামেরা নিয়ে ওপর থেকে পড়ে মারা গেল ছেলেটা…’, ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সুমন বন্দ্যোপাধ্যায়

সুমন বন্দ্যোপাধ্যায়

বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। বহু বছর ধরে সিরিয়াল এবং চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত থাকায় ইন্ডাস্ট্রির অন্দরমহলের ভালো-মন্দ সবকিছুরই সাক্ষী থেকেছেন সুমন। সম্প্রতি ভরতলক্ষ্মী স্টুডিওতে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায় নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করতেই হইচই নেটপাড়ায়।

সুমন জানান, শ্যুটিং চলাকালীন একবার ওপর থেকে ক্যামেরা নিয়ে নিচে পড়ে গিয়ে একজন কর্মী মারা গিয়েছিলেন। শুধু তাই নয়, সেটে ইলেকট্রিক শক লেগে প্রাণ হারানোর মতো ঘটনাও তাঁর চোখের সামনে ঘটেছে।

আক্ষেপের সঙ্গে সুমন বলেন, এই ইন্ডাস্ট্রিতে কেবল শিল্পী নন, প্রত্যেক টেকনিশিয়ানের জীবনের দাম আছে। কাজের জায়গাটি যেহেতু প্রত্যেকের রুটিরুজির সংস্থান, তাই সেখানে নূন্যতম ‘সেফটি’ বা নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক।

রাহুল প্রসঙ্গে বিতর্কিত ঘটনায় লীনা গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সুমন জানান, তিনি কেরিয়ারের শুরু থেকেই একটি নির্দিষ্ট নামী প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন। তাঁর দেখা মতে, সেই হাউসটি শিল্পী ও কলাকুশলীদের প্রতি যথেষ্ট যত্নশীল এবং দায়িত্ববান। তবে ইদানীং তিনি ওনাদের সাথে কাজ না করায় বর্তমান পরিস্থিতি সম্পর্কে খুব বেশি জানেন না। তাসত্ত্বেও তিনি স্পষ্ট করেন যে, যদি কোনো ক্ষেত্রে প্রোডাকশন হাউসের গাফিলতি থেকে থাকে, তবে সেটি তাঁর কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অপ্রত্যাশিত।