অভিনয় জগতে আসার আগে পাল্টেছেন নাম! জানেন কি পরান বন্দ্যোপাধ্যায়ের আসম নাম! অবশেষে নিজেই সত্যি ফাঁস করলেন অভিনেতা

পরান বন্দ্যোপাধ্যায়

বাংলা অভিনয় জগতে কিংবদন্তী অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে দর্শকের মন জয় করেছেন বর্ষীয়ান অভিনেতা। অভিনয় জগতে এত পরিচিতি থাকা সত্বেও অনেকেই হয়ত জানেন না অভিনেতার আসল নাম। সম্প্রতি দ্য ওয়াল-এর কাছে নিজের আসল নাম ফাঁস করলেন অভিনেতা নিজেই।

অভিনেতার বয়স তখন ৫ মাস। ওইটুকু বয়সেই মাকে চিরতরে হারান অভিনেতা। তার পরেই তার বাবা সংসার ত্যাগ করেন। সেইসময় অভিনেতাকে মায়ের ভালবাসা দিয়ে বড় করে তুলেছেন অভিনেতার পিসি কমলা বন্দ্যোপাধ্যায়।

পরান বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ছেলেবেলায় আমার নাম ছিল মোহন। বাবা ডাকতেন ওই নামে। উনি খুব ভাল গাইতেন। আত্মভোলা, দিলখোলা মানুষ। একটুও সংসারী ছিলেন না। সারা দিন গ্রামে ঘুরে বেড়াতেন। কারও না কারও বাড়িতে তাঁর অন্ন বাঁধা থাকত। বাবা তাতেই খুশি। বাড়িতে ফিরতে ফিরতে রাত হত তাঁর। আমি তখন ঘুমে ঢুলছি।”

বাড়ির নীচে এসে অভিনেতার বাবা হাঁক দিতেন, “বাবা, মোহন ঘুমাইসে?” পরান বন্দ্যোপাধ্যায় তখন দাদুর জিম্মায়। তিনি পাল্টা হেঁকে বলতেন, “হ, আমার পরান ঘুমাইসে।” দাদুর সেই আদরের ‘পরান’ ডাকটাই একটা সময়ের পরে লোকমুখে চালু হয়ে গেল। ‘মোহন’ গেল হারিয়ে। ‘পরান’-এর ছায়ায় ঢাকা পড়ল সেই নাম।

বর্ষীয়ান অভিনেতার কথায়, ‘বাংলা অভিধানে আমার নামের বানান ‘পরাণ’। কলেজ স্ট্রিট বইপাড়ার প্রকাশকেরা সে কথা জানিয়েছিলেন। তাঁরা এ-ও জানালেন, আভিধানিক বানানটাই রাখবেন তাঁরা।’ ওঁদের যুক্তি সে দিন মেনে নিতে হয়েছিল অভিনেতাকে। পরে তিনি প্রকাশকদের জানান, তিনি নিজের নামের বানান ‘পরান’ই রাখবেন। কিন্তু কেন?

অভিনেতা হেসে জানান, “তত দিনে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। ওঁর গান ‘আমার পরান যাহা চায়’তে কবিগুরু ‘পরান’ লিখেছিলেন। ‘পরাণ’ লেখেননি। নীচে তার ফুট নোটও দিয়েছিলেন।” কবি ব্যাখ্যা করেছিলেন, ‘পরান’ শব্দটি ‘প্রাণ’ শব্দের কোমল রূপ। তাই ‘ণ’-এর জায়গায় ‘ন’-এর ব্যবহার। সে দিন থেকে বর্ষীয়ান অভিনেতা নিজের নামের বানান ‘পরান’ লেখেন।