শেষরক্ষা হল না! ‘প্রায় মা হয়েই গিয়েছিলাম…’, শটের মধ্যেই গর্ভপাত, খালি হলো কোল…মা হওয়া হল না ‘কম্পাস’ ধারাবাহিকের অভিনেত্রীর

মাতৃ দিবসের আগেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ‘কম্পাস’ ধারাবাহিকের অভিনেত্রীর জীবনে নেমে এলো অন্ধকার। বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অন্বেষা রায় মুখোপাধ্যায়। এই মুহূর্তে কাজ করছেন স্টার জলসার ‘কম্পাস ধারাবাহিকে। এর আগে ‘সোহাগ চাঁদ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

কিছুদিন আগেই অভিনেত্রী জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। তার জীবনে নেমে এসেছিল একরাশ খুশির আলো। কিন্তু আচমকাই এরকম ঘটনা ঘটবে আশা করেননি কেউ। শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার শুটিং থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হয় না। মাতৃ দিবসের দু’দিন আগে খালি হল অভিনেত্রীর কোল।

অন্বেষা রায় মুখোপাধ্যায়

অপারেশন থিয়েটারেই সব শেষ। হাসপাতাল থেকে অভিনেত্রী বলেন, “অপরিকল্পিতভাবেই অন্তঃসত্ত্বা হয়েছিলাম আমি। বুঝতে পারিনি। দু’মাস হয়েছিল। হঠাৎই পেটে ব্যথা শুরু হয়। শট দেওয়ার সময়েই গর্ভপাত হয়। আমার প্রাণহানি হতে পারত। চিকিৎসক অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। আমাকে বাঁচানো কঠিন হয়ে যেত। খুব কষ্ট হয়েছে।”

মা হওয়ার স্বপ্ন এক ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যাবে কল্পনাও করতে পারেননি। নিজের ফেসবুক পোস্টে বুকে একরাশ যন্ত্রণা নিয়ে জানান, তিনি তার অনাগত সন্তানকে হারিয়েছেন। হাসপাতালের বেডে শুয়ে যখন অস্ত্রোপচারের অপেক্ষা করছিলেন ঠিক তখনি কঠিন সত্যের মুখোমুখি হতে হয় তাকে।

অন্বেষা রায় মুখোপাধ্যায়

অন্বেষা রায় মুখোপাধ্যায় লেখেন, “প্রায় মা হয়েই গিয়েছিলাম… জীবন আর কতটা কঠিন হতে পারে? আমার অস্ত্রোপচারের ঠিক কয়েক মিনিট আগে এই লেখাটি পোস্ট করছি—যাতে ভবিষ্যতে ফিরে তাকিয়ে মনে করতে পারি, আমি কতটা যন্ত্রণা সহ্য করেছি এবং এই কষ্টকর অগ্নিপরীক্ষার পুরোটা সময় জুড়ে আমি কতটা অটল ও শক্তিশালী ছিলাম। মানসিকভাবে, আবেগিকভাবে এবং শারীরিকভাবে—সব দিক থেকেই! তবুও আমি মুখে হাসি ধরে রেখেছিলাম এবং সামনের দিকে তাকিয়েছিলাম। ঠিক ‘মা দিবস’-এর দুদিন আগে…আমি প্রায় মা হয়েই গিয়েছিলাম… আমার অ্যাঞ্জেল বেবি…’।