
অভিনেতা গৌরব রায়চৌধুরী, বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেতা। একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘পুবের ময়না’ ধারাবাহিকে। এরপর আর ছোটপর্দায় তার দেখা মেলেনি। সূত্রের খবর, অনুযায়ী, এই মুহূর্তে গৌরব একের পর এক ছবির চুক্তি সাক্ষর করেছে।
শীঘ্রই ‘দ্য ক্যালকাটা ফাইল্স’-এর শুটিং শুরু করবেন তিনি। তাহলে কি আর বাংলা ধারাবাহিকে কাজ করবেন না অভিনেতা? এমনি গুঞ্জন ছড়িয়েছে অভিনেতাকে ঘিরে। অবশেষে নিজেই সত্যিটা সামনে আনলেন তিনি।
আনন্দবাজার ডট কম-কে গৌরব জানিয়েছেন, “শিল্পী হিসাবে বিভিন্ন মাধ্যমে কাজ করার ইচ্ছা তো থাকবেই। আর ছোটপর্দায়ও কাজ করব। কেন করব না? কিন্তু এটা ঠিক যে, মাসের ৩০ দিন এখনই ছোটপর্দায় দিতে পারব না। কারণ, পর পর বেশ কিছু ছবি রয়েছে আমার হাতে।”
প্রসঙ্গত, ‘দ্য ক্যালকাটা ফাইল্স’ ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।
