রানীমার জয়জয়কার! ছোটপর্দায় ফের পৌরাণিক গল্পে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

 দিতিপ্রিয়া রায়

ছোটপর্দার রানীমার মুকুটে নয়া পালক। একটা সময় ‘করুণাময়ী রানী রাসমণি’র জনপ্রিয় পৌরাণিক কাহানীর হাত ধরে ছোটপর্দায় ব্যাপক সাড়া ফেলেছিলেন দিতিপ্রিয়া রায়। এরপর ‘চিরদিনই তুমি যে আমা’র ধারাবাহিক চলাকালীন জীতু কমলের সঙ্গে মতবিরোধ হতেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসা সিদ্ধান্ত নেন দিতিপ্রিয়া। তারপর থেকে অভিনেত্রীকে ছোটপর্দায় দেখতে চাইলেও, আর নিয়মিত দেখতে পারেননি অভিনেত্রীর অনুরাগীরা।

বেশকিছু মাসের বিরতির পর ফের ছোটপর্দায় জনপ্রিয় পৌরাণিক কাহানীতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। দুর্গাপুজো আসতে আর ১০০ দিনও বাকি নেই। ইতিমধ্যে বাংলার নামী বিনোদন চ্যানেলগুলো মহালয়ার অনুষ্ঠানের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন।

এবার টলিউডের অন্দরের খবর, সান বাংলা চ্যানেলে দুর্গা রূপে দেখা যেতে পারে দিতিপ্রিয়াকে। তবে বিষয়টি নিয়ে চ্যানেল বা অভিনেত্রীর তরফে এখনই কিছু ঘোষণা করা হয়নি। কথাবার্তা সবে চূড়ান্ত হয়েছে বলে খবর।

এবার বাংলার তিন বিনোদন চ্যানেলে মহালয়ার ভোরের অনুষ্ঠান নিয়ে প্রতিযোগিতা তুঙ্গে। একটি চ্যানেলের তরফে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে মা দুর্গা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। অন্য একটি চ্যানেলে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে মা দুর্গা রূপে দেখা যাবে, এমনটাই চর্চা। সেখানে দিতিপ্রিয়ার নাম যোগ হওয়াতেই হইচই পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে।