
টেলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় নায়িকা পল্লবী শর্মা। পর্দায় তাঁর অভিনয় বরাবরের মতোই দর্শকদের মন জয় করে নেয়। এই মুহুর্তে জি-বাংলার তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে এবার পল্লবীর অনুরাগীদের জন্য আসতে চলেছে এক বিরাট চমক। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীকে এবার দেখা যেতে চলেছে টলিউডের সুপারস্টার দেব এর সঙ্গে, একই ফ্রেমে। তবে কি আর ধারাবাহিকে দেখা যাবে না পল্লবীকে।
তেমনটা একেবারেই নয়, জি বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হতে চলেছে নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি’-র গোটা টিম। আর সেখানেই দেবের পাশে থেকে মঞ্চ আলো করবেন পল্লবী। পল্লবী শর্মার পাশাপাশি এই বিশেষ পর্বে দেখা যাবে সিরিয়ালের নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় কে। এছাড়াও হাজির থাকবেন ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ কো-স্টার অস্মিতা চক্রবর্তী, মানসী সেনগুপ্ত,অহনা দত্ত, নীল চট্টোপাধ্যায়।
পল্লবী শর্মা টেলিভিশনের দুনিয়ায় অত্যন্ত সফল এবং জনপ্রিয় এক মুখ হলেও, বাস্তব জীবনে তিনি প্রচারের আলো থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখতেই বেশি ভালোবাসেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি খুব সীমিত। তাই ধারাবাহিকের বাইরে কোনও রিয়্যালিটি শো-তে তাঁকে দেখা গেলে অনুরাগীদের উচ্ছ্বাস স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তার ওপর দেবের সঙ্গে একই মঞ্চে উপস্থিতি এই পর্বকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ইতিমধ্যেই এই বিশেষ এপিসোড নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দেবের মজার প্রশ্ন, তারকাদের হাসি-ঠাট্টা এবং ‘তারে ধরি ধরি’ টিমের অফস্ক্রিন রসায়ন, সব মিলিয়ে জমজমাট একটি পর্বের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। এবার ‘দাদাগিরি’র মঞ্চে পল্লবীর উপস্থিতি দর্শকদের জন্য হতে চলেছে বাড়তি আকর্ষণ।

