
সাতসকালেই সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সুদীপা। কিছুদিন আগেই স্বামীর অসুস্থতায় চিন্তিত হয়ে পরেছিলেন অভিনেত্রী। এবার পরিবারের আরও এক সদস্যের হঠাৎ চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না সুদীপা। সম্প্রতি সমাজ মাধ্যমে নিজেই দুঃসংবাদ শেয়ার করলেন। সেখানেই জানা যায় সুদীপা তার ননদকে হারিয়েছেন। অগ্নিদেবের ছোড়দি প্রয়াত হয়েছেন।
মঙ্গলবার ননদের সাথে নানা মুহূর্তের ছবি পোস্ট করে সুদীপা লেখেন, ‘ছোড়দি- তুমি আমাদের প্রতিটা হোলি, প্রতিটা দীপাবলিকে বিশেষ করে তুলেছিলে। পরিবারের নতুন সদস্যকে কীভাবে আদর-যত্ন করতে হয়, তা মানুষ তোমার কাছ থেকে শিখতে পারে। এই পরিবারে আমার শুরুর দিনগুলোতে তুমি যেভাবে আমাকে গ্রহণ করেছ এবং রক্ষা করেছ, তা তোমায় অন্যদের থেকে অনেক এগিয়ে রাখে।
তুমি আমাদের হানিমুনেরও প্ল্যান করেছিলে। আমার সব অভিযোগ শোনার জন্য আমি আর কাকে ফোন করব? কথাগুলো দীর্ঘ আর ভারী হয়ে উঠছে, কারণ আমি কিছুই বলতে পারছি না, তোমার সুন্দর আত্মা শান্তিতে থাকুক। ওম শান্তি। ভালোবাসি, ছোড়দি।’ সুদীপার পোস্টে অনুরাগীরা তাঁকে সমবেদনা জানিয়েছেন।
