
অভিনেতা রাহুল অরুণোদয়য় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু আজও মেনে নিতে পারেনি কেউ। অভিনেতার মৃত্যু রহস্য আজও অজানা। মৃত্যুর কয়েকদিন আগে সিরিয়াল-সিনেমায় চুটিয়ে কাজ করেছিলেন তিনি। কিন্তু রাহুল নেই সব শেষ।
এবার রাহুলের অসম্পূর্ণ হওয়া কাজে বড় দায়িত্ব কাঁধে নিলেন অভিনেতা নীল মুখোপাধ্যায়। ‘অটবি’ ছবিটির শুটিং শেষ করেছিলেন রাহুল। কিন্তু বাকি রয়ে যায় ডাবিং। প্রয়াত অভিনেতার বাকি রেখে যাওয়া কাজ এবার সম্পূর্ণ করলেন নীল।
আনন্দবাজার ডট কমের সূত্র অনুযায়ী অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায় জানান, “যেন বৃত্ত সম্পূর্ণ হল। এতটাই বেদনাদায়ক ঘটনা। এটাই বার বার মনে হচ্ছে। ওঁর প্রথম কাজের সঙ্গেও জড়িয়ে ছিলাম আমি। আর শেষ কাজেও জুড়ে থাকল আমার নাম।” প্রসঙ্গত রাহুলে প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এ অভিনেতার চরিত্রের ডাবিং করেছিলেন নীলই।
অভিনেতা জানিয়েছেন, “সেই সময় আমি কাজ করতে চাইনি। রাজ অনেক বার বলেছিল। তখন তো রাহুলও ছোট। ওর প্রথম কাজ। তাই রাহুলের চরিত্রের জন্য পুরো ডাবিংই আমি করেছিলাম। এ বার সাহেব আমাকে বলেছিল ডাবিং করার জন্য। করলামও। মাঝে আরও একটা ছবিতে রাহুলের জন্য ডাবিং করেছি আমি।”
প্রসঙ্গত, ছবিতে রয়েছেন মধুমিতা সরকার এবং সাহেব চট্টোপাধ্যায়। একটি সাইকোলজিক্যাল থ্রিলারভিত্তিক গল্প। ছবিতে একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন সাহেব।
