প্রয়াত বিপ্লব চ্যাটার্জি? মৃত্যু নিয়ে ভুয়ো খবরে বিস্ফোরক মন্তব্য অভিনেতার

বিপ্লব চ্যাটার্জি

সোশ্যাল মিডিয়ায় আচমকাই প্রবীণ অভিনেতা বিপ্লব চ্যাটার্জির মৃত্যুর খবর নিয়ে জোর তোলপাড় শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে ঘুরছে একটি খবর। যেখানে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের ছবির ক্যাপশনে লেখা ‘প্রয়াত’। যে ছবি দেখে সাতসকাল থেকে দেশ ছাড়িয়ে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেও ফোন আসছে অভিনেতার কাছে। এই ধরণের ভুয়ো খবরে শুধু অভিনেতাই নন, দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবার ও অনুগামীরাও। সম্প্রতি নিজের ভুয়ো মৃত্যুর খবর শুনে বিরক্ত বর্ষীয়ান অভিনেতা। অবশেষে এই ধরণের কুরুচিকর অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন অভিনেতা।

এদিন বিপ্লব চ্যাটার্জি তাঁর ভুয়ো মৃত্যুর খবর প্রসঙ্গে বলেন, “আমার সম্পর্কে সম্প্রতি একটি বিভ্রান্তিমূলক খবর বেরিয়েছে, ওই ফেসবুক, না কী আছে তাতে। আমি নাকি মারা গিয়েছি। মারা তো যাবই। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন থাকব। এ বিভ্রান্তিমূলক খবরগুলো বন্ধ করুন।”

গুজব রটনাকারীদের মানসিকতা ও শিক্ষাদীক্ষা নিয়ে প্রশ্ন তুলে আক্ষেপের সঙ্গে অভিনেতা জানান, “যে বা যিনি এ কাজ করেছেন, কেবল আমার সম্পর্কে নয়, আর যাঁদের সম্পর্কে এ ধরনের খবর দেবেন, একটু ভেবেচিন্তে দেবেন। চট করে সবাইকে মৃত বলে কথা বলাটা ঠিক নয়। এটা শিক্ষার অভাব বলেই মনে করি। এটা খুব খারাপ লাগছে। আমার বাড়ির লোক, পাড়া, প্রতিবেশী, ফোরামের মেম্বাররা সবাই আপত্তি জানিয়েছেন। ভাল থাকবেন সবাই, সকলের সুস্থতা কামনা করছি।”

বিপ্লব চ্যাটার্জির প্রয়াণের ভুয়ো খবর নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে, তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম’। ফোরামের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে, অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ আছেন। সত্যতা যাচাই না করে এমন দায়িত্বজ্ঞানহীন ও মিথ্যা খবর প্রচার করা থেকে সকলকে বিরত থাকার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে।

Previous article90+ ঘড়ি নিয়ে উক্তি এবং ক্যাপশন, Clock Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।