
সকাল হতেই বড় অঘটন বিনোদন দুনিয়ায়। শুটিং করতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এই মুহুর্তে জি-বাংলার ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে উজি চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা। শুটিং করতে গিয়েই অসাবধানতাবশত বিপদ ঘটে যায়। চোখ ফুলে গিয়েছে, রক্ত যেন জমাট বেঁধে রয়েছে! কিন্তু কী করে ঘটল এমন অঘটন?
আজকাল ডট ইন-কে আরাত্রিকা মাইতি জানান, শুটিং করতে গিয়েই এই অবস্থা। বেল্টের বারি লেগেছে চোখে। আচমকা এমন আঘাত লাগায় চোখের এই হাল হয়েছে। অভিনেত্রী সমাজমাধ্যমে নিজের চোখের ছবি পোস্ট করে লিখেছেন, এখন চোখের বিশ্রামের জন্য স্ক্রিন টাইম কমিয়েছেন।
তবে এই চোট ধারাবাহিকের শুটিং ফ্লোরে পেয়েছেন নাকি অন্য কোনও কাজ করতে গিয়ে এই চোট পেয়েছেন আরাত্রিকা, তা জানা যায়নি। ‘জোয়ার ভাঁটা’ধারাবাহিকে আরাত্রিকা অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। খুব স্বাভাবিকভাবেই এই দৃশ্যে অভিনয় করার জন্য মাঝেমধ্যেই অ্যাকশন করতে হয় তাঁকে। তাই অনেকেরই ধারণা উজি চরিত্রে অভিনয় করতে গিয়েই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে।
