
বিজ্ঞাপনের পরিচিত মুখ থেকে বড় পর্দায় নিজের জায়গা তৈরি করা। মাত্র ১৪ বছ্র বয়সেই দর্শকের মনে ছাপ ফেলেছিলেন এই খুদে অভিনেত্রী। কিন্তু আচমকাই থেমে যায় তার জীবন। নিজের জন্মদিনের দিনেই ভয়াবহ দুর্ঘটনায় প্রান হারাল জনপ্রিয় শিশু শিল্পী।
মাত্র চারটি ছবিতে অভিনয় করেই দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নেয় খুদে নায়িকা। বিজ্ঞাপনের দুনিয়াতেও ছিল সমান জনপ্রিয়। ছোট বয়সেই ৫০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছিল সে। করিশ্মা কাপুরের সঙ্গে রসনার বিজ্ঞাপন তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। এ ছাড়াও কোলগেট, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং সাফোলার মতো সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে।
২০১২ সালের ১৪ মে নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মা-সহ মৃত্যু হয় খুদে অভিনেত্রী তরুণী সচদেব -এর। নেপালের জোমসোম বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে অগ্নি এয়ারের একটি বিমান। দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়, তাঁদের মধ্যে ছিলেন তরুণী ও তার মা। পোখরা থেকে জোমসোম যাওয়ার পথে বিমানটি পাহাড়ে ধাক্কা খায়।
২০০৯ সালে আর বালকির ‘পা’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগ করে নেন তরুণী। ছবিতে অরো নামে এক বিরল জিনগত রোগে আক্রান্ত শিশুর সহপাঠীর ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। তার অভিনীত শেষ ছবি তামিল সিনেমা ‘ভেত্রি সেলভন’। তবে ছবিটি মুক্তির আগেই মৃত্যু হয় অভিনেত্রীর।
আজও বিজ্ঞাপনের সেই মিষ্টি মুখ এবং অল্প বয়সের অভিনয় দিয়ে দর্শকের স্মৃতিতে বেঁচে রয়েছে তরুণী সচদেব।

