
এই মুহুর্তে টলিপাড়ায় একধাক্কায় বেশ কয়েকটি ধারাবাহিকের ভবিষ্যৎ থমকে গিয়েছে। সেই নিয়ে চিন্তায় ঘুম উড়েছে নেটিজেনদের। জি বাংলার পর্দায় শুরু দুই নতুন স্বাদের গল্প ‘বাঘিনী’ এবং ‘সতীপীঠ কালীঘাট’ আসতেই কোপ পড়ল পুরনো মেগার উপর। আর কথাতেই আছে কারুর পৌষমাস তো কারুর সর্বনাশ।
আপতত টিআরপি চার্ট বন্ধ, সুতরাং টিআরপি-র জেরে নয় চ্যানেল এবং প্রযোজনা সংস্থার সিদ্ধান্তেই বন্ধ হচ্ছে এই মেগা সিরিয়াল। খবরটি সামনে আসতেই টেলিপাড়ায় ফের মনখারাপের সুর।
মাত্র এক বছরের মাথায় আচমকাই সফর শেষ করতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’। কদিন আগেই সিরিয়ালে নন্দিনীর জায়গায় নতুন ‘বনলতা’ হিসেবে অভিনেত্রী সৌমিলির এন্ট্রি হয়েছিল, ভেবেছিলেন দর্শক হয়তো গল্প নতুন মোড় নেবে। কিন্তু ভিলেন বদলালেও ধারাবাহিকের আয়ু আর বাড়ল না। চলতি সপ্তাহের ১২ তারিখ অর্থাৎ শনিবারই বসছে এই সিরিয়ালের শেষ শ্যুটিংয়ের আসর।
আচমকা শ্যুটিং বন্ধের খবরে টেলিপাড়ায় গুঞ্জন শুরু হলেও, তা একপ্রকার নিশ্চিত করেছেন খোদ ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘লাজবন্তী’ ওরফে অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে সাইনা জানান ‘হ্যাঁ, আমরাও গতকালই জানলাম। শেষ হচ্ছে কনে দেখা আলো, ধন্যবাদ এই ভালোবাসার জন্য’।
সিরিয়ালের ভক্তদের জন্য একমাত্র স্বস্তি—গল্পের পরিণতি কোনো ট্র্যাজেডিতে নয়, বরং মিলনেই শেষ হচ্ছে। প্রধান দুটি চরিত্র লাজু ও অনুভবের জমকালো বিয়ে দিয়েই পর্দায় হ্যাপি এন্ডিং দেখানো হবে। কিন্তু তা সত্ত্বেও আকস্মিক এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না দর্শকেরা। মাত্র এক বছরের মাথায় এভাবে চটজলদি ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগীদের একাংশ। আপনারা কতটা মিস করবেন এই জুটিকে?

