
কিংবদন্তি শিল্পী আর নেই! তাঁকে প্রায়ই ‘ভারতীয় ফটোগ্রাফির জনক’ বলা হয়। বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রী ও ফোটোজার্নালিস্টের মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া। জানা যায়, প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন শিল্পী, চিকিৎসার পরও তা ছড়িয়ে পড়ে এবং বার্ধক্যজনিত জটিলতায় শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
প্রয়াত জনপ্রিয় আলোকচিত্রী রঘু রাই। রবিবার দিল্লিতে ৮৩ বছর বয়সে চিরঘুমের দেশে তারকা শিল্পী। গোটা দেশ আজ একজন অসাধারণ প্রতিভাকে হারাল। রঘু রাইয়ের শেষকৃত্য রবিবার বিকেল ৪টায় দিল্লির লোধি রোড শ্মশানে সম্পন্ন হবে।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে দীর্ঘ ও উজ্জ্বল কর্মজীবনে তিনি বিশ্বের সেরা সংবাদ সংস্থাগুলির সঙ্গে কাজ করেছেন এবং পদ্মশ্রী-সহ বহু সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন। তিনি যেমন একটি ছবির সঠিক মান বুঝতে পারতেন, তেমনি যে কোনও ক্ষেত্রেই সঠিক জিনিস চিহ্নিত করার অসাধারণ ক্ষমতা তাঁর ছিল। তাঁর ছবি তাঁর হয়ে কথা বলত।
বিশ্বখ্যাত আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁ-এর শিষ্য ছিলেন রাই। তাঁরই সুপারিশে ১৯৭৭ সালে রাই যোগ দেন আন্তর্জাতিক সংস্থা ম্যাগনাম ফটোসে। তিনি ১৮টিরও বেশি বই প্রকাশ করেন এবং তাঁর ছবি প্রকাশিত হয়েছে টাইম, লাইফ, দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য নিউ ইয়র্কার-এর মতো আন্তর্জাতিক মাধ্যমে।

