
সালটা ২০১৬, বাংলা টেলিভিশন পর্দায় রমরমিয়ে চলছে স্টার জলসার মেগা ধারাবাহিক ‘মেম বউ’। ধারাবাহিকে ক্যারল ব্রাউনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী বিনিতা চট্টোপাধ্যায়। আধভাঙা বাংলা উচ্চারণ, বিদেশি বউমার সাজ দর্শকের মন জিতে নিয়েছিল। ধারাবাহিকে তার উচ্চারণ দেখে অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো সত্যি কোনো বিদেশিনী মহিলা। তবে পরবর্তীকালে জানা যায় পর্দার সেই মেম বউ আদতে বঙ্গকন্যা।
শুধু বাংলা নয়, প্রবাসী বাঙালিরাও আপন করে নিয়েছিলেন তার অভিনীত মেগা ধারাবাহিক। তবে এই ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা লাভের পর দীর্ঘ ৯ বছর লাইমলাইটের অন্তরালেই ছিলেন অভিনেত্রী। যদিও কলকাতায় ফিরে সাক্ষাৎকারের মুখোমুখি হয়ে তিনি আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছিলেন ব্যান কালচারের শিকারের জন্যই তাকে অভিনয় জগতে আর দেখা যায়নি।
‘মেম বউ’-এর পর তিনি সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন । তবে দীর্ঘ বছর পর আবার অভিনয় জগতে কামব্যাক করলেন তিনি। তবে এবার ছোটপর্দায় নয়, একেবারে বড়পর্দায় তার দেখা মিলবে।

পরিচালক দীপঙ্কর ঘোষের পরিচালনায় ‘ডাব্বা কাকা’ ছবিতে অভিনয় করবেন মেম বউ অর্থাৎ অভিনেত্রী বিনিতা চট্টোপাধ্যায়। ছবিতে তার চরিত্রের নাম ‘উমা’। রথের দিন হয় ছবির শুভ মহরত। যদিও এই প্রথম নয়, এর আগে ‘ক্লোন’ ছবিতেও অভিনয় করেছিলেন অভিনেত্রী।
