‘তোর মত অশিক্ষিত লোক… গান জানার অভিনয় করে… তোর জায়গা ওটাই…’, বিগ বসে এন্ট্রি নিতেই দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি ‘সারেগামাপা’ বিজয়ী সৌম্য চক্রবর্তীর

সৌম্য চক্রবর্তী

গতকালই ছিল বিগ বসের প্রিমিয়ার। সৌরভের বিগ বসের ঘরে বন্দি বাংলার তারকারা। বিগ বসের মঞ্চে সুন্দর একটা গান গেয়ে এন্ট্রি নিতে দেখা গেল ‘সারেগামাপা’ খ্যাত দুর্নিবার সাহা কে। তবে শুরু হতে না হতেই বিতর্কের মুখে দুর্নিবার। সোশ্যাল মিডিয়ায় তাঁকে একপ্রকার তুলোধনা করলেন তাঁরই এক সহকর্মী।

বিগ বসের সম্প্রচারের পরপরই দুর্নিবারকে নিয়ে মন্তব্য করলেন সারেগামাপা বিজেতা সৌম্য চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া পোস্টে কারোর নাম না উল্লেখ করেই সৌম্য লেখেন, ‘আহা সঠিক জায়গায় অশিক্ষিত, গান জানার অভিনয় করা লোককে দেখে ভালো লাগছে। তোর জায়গা ওটাই। তুই জিতে ফিরবি জানি। কারণ, পলিটিক্স করাতে তোর থেকে ভালো আর কেউই নেই।’

সৌম্যর মন্তব্যের তীর যে দুর্নিবারের দিকেই তা একটুও বুঝতে অসুবিধে হয়নি অনুরাগীদের। বর্তমানে নিজের ফেসবুক ওয়াল থেকে পোস্টটি সরিয়েও ফেলেছেন সৌম্য।  ‘সা রে গা মা পা ২০১৫-১৬’ সিজনে একসঙ্গে ভাগ নিয়েছিলেন এই দুই তারকা। আর সৌম্য চক্রবর্তী লোকগীতি ঘরানায় এবং সামগ্রিকভাবে সেরার শিরোপা জিতেছিলেন। অন্যদিকে, দুর্নিবার সাহা আধুনিক গান বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন।

এর আগেও দুর্নিবারের দ্বিতীয় বিয়ের পর তাঁকে কটাক্ষ করে পোস্ট এসেছিল সৌম্যর থেকে। ফেসবুকে লিখেছিলেন, ‘পরিণত প্রেমের বিয়ে আর সওদা দুটো আলাদা জিনিস !’ এখানেই শেষ নয়, পেশায় প্রসেনজিৎ চক্রবর্তীর আপ্তসহায়ক মোহর ওরফে ঐন্দ্রিলাকে নিজের কেরিয়ার বানানোর সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন দুর্নিবার, এমনও কটাক্ষ করেন।

সৌম্য চক্রবর্তী