
আচমকাই বড়সড় বিপদের মুখ টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। গলায় খাবার আটকেই ঘটে বড় অঘটন। চিকিৎসকেরা বরাবরই খাবার খাওয়ার সময় ধীরে ধীরে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অনেকের কাছেই তা নিছক উপদেশ বলে মনে হয়। কিন্তু এই সাবধানতা যে কত জরুরি, তা হারে হারে টের পেলেন অভিনেতা।
কয়েক দিন আগে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন অভিনেতা। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও ভাই। খাবার খেতে গিয়ে আচমকাই সেই খাবার তাঁর গলায় আটকে যায়। প্রথমে কাশির মাধ্যমে সেটি বার করার চেষ্টা করলেও, লাভ কিছু হয় না। বরং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ প্রায় নিশ্বাস নিতে পারছিলেন না অভিনেতা। সেই মুহূর্তে অভিনেতা ভেবেছিলেন, তিনি বোধহয় আর বাঁচবেন না। আরও কিছুক্ষণ এ ভাবে গলায় খাবার আটকে থাকলেই প্রাণসংশয় হতে পারত অভিনেতার।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে মারাত্মক সেই ঘটনার কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমি খুব সতর্ক হয়ে খাই। তবু হঠাৎ খাবার গলায় আটকে যায়। মুহূর্তটা ভয়ঙ্কর ছিল। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে তাঁর ভাই পিঠে বার বার চাপড়াতে শুরু করেন। এরপরেই রেস্তোরাঁয় উপস্থিত এক ব্যক্তির সাহায্যে সুস্থ হন তিনি। ওই ব্যক্তি অভিনেতার উপর হাইমলিখ ম্যানুভার প্রয়োগ করেন। যার ফলে অবশেষে গলা থেকে বেরিয়ে আসে খাবার।
অভিনেতা বলেন, ‘আমি একেবারেই শ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল, এটাই হয়তো জীবনের শেষ মুহূর্ত। সত্যিই খুব ভয় পেয়েছিলাম।’ তাঁর কথায়, মৃত্যুকে এত কাছ থেকে আগে কখনও দেখেননি। ঈশ্বরের কৃপায় এখন আমি সম্পূর্ণ সুস্থ।’
খাবার খেতে গিয়ে গলায় খাবার আটকে যাওয়ায় মৃত্যুর মুখোমুখি হলেন টেলিভিশন অভিনেতা সুমিত সচদেব। একসময় জনপ্রিয় ধারাবাহিক ‘কিউঁকি সাস ভি কাভি বহু থি ২’-এ গৌতম বিরানি চরিত্রে অভিনয় করে দর্শকের ব্যপক ভালবাসা পেয়েছিলেন সুমিত। পেশাগত জীবনে অবশ্য নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা। একতা কপূরের জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-র নতুন সংস্করণে আবারও গৌতম বিরানির চরিত্রে ফিরেছেন সুমিত।

