
সাতসকালেই ফের দুঃসংবাদ। কিংবদন্তি অভিনেতা আর নেই। খবরটি ছড়িয়ে পড়তেই বিনোদন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেতা। ৬৯ বছর বয়সে গতকাল মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেতা।
তবে এখনও পর্যন্ত অভিনেতার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। প্রয়াত হলেন বলি অভিনেতা দিনিয়ার তিরানদাজ। টেলিভিশন ও চলচ্চিত্রে তাঁর অনবদ্য কমিক অভিনয় এবং পারসি চরিত্রের জীবন্ত উপস্থাপনা তাঁকে বহু প্রজন্মের দর্শকের কাছে প্রিয় করে তুলেছিল। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। মুম্বইয়ের ওয়াদিয়া বুংলিতে বিকেল ৩টা ৪৫ মিনিটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
চলচ্চিত্র জগতেও তাঁর অবদান কম নয়। ১৯৮৪ সালে ‘দুনিয়া’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু করেন দিনিয়ার। এরপর ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘ক্যা কেহনা’, ‘হ্যালো ব্রাদার’, ‘আলবেলা’, ‘চলতে চলতে’, ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া’ এবং ‘কামাল ধামাল মালামাল’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তাঁর কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় চরিত্র ‘জবান সাম্ভাল কে’ ধারাবাহিকের মিস্টার কেকি দারুওয়ালা। এই মজার ও প্রাণবন্ত চরিত্রটি আজও দর্শকের মনে অমলিন।
দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ সব ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র ছাপ রেখে গেছেন দিনিয়ার তিরানদাজ। তাঁর কাজ আজও দর্শকদের আনন্দ দেয়, ভবিষ্যতেও দিয়ে যাবে। তাঁর প্রয়াণে ভারতীয় বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।

