
নতুন ধারাবাহিক আসতে না আসতেই বিদায় নিচ্ছে একের পর এক জনপ্রিয় মেগা। এবার স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’। এতদিন ধরে অধীর আগ্রহে সুস্মিতা দে-র কামব্য়াক মেগার স্লটের অপেক্ষায় ছিল ভক্তরা। আগামী ২৭ জুলাই থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সম্প্রচারিত হবে ‘তিলোত্তমা’। তবে এই মেগার সম্প্রচারের সময় সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে।
কারণ, বর্তমানে এই সাড়ে ৬টার স্লটটি রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-র দখলে। স্বভাবতই নতুন ধারাবাহিকের আগমনে কপাল পুড়ল সৌরভ-শুভস্মিতা জুটির মেগার। সরাসরি সাড়ে ছ’টার স্লট কেড়ে নেওয়ায় ‘লক্ষ্মী ঝাঁপি’-র ভক্তদের মনে চরম হতাশা তৈরি হয়েছে।
অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন—তবে কি পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাচ্ছে সৌরভ ও শুভস্মিতার এই মেগা? নাকি অন্য কোনো স্লটে পাঠিয়ে দেওয়া হবে? চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ওইদিন থেকে বিকাল ৫টায় দেখা যাবে লক্ষ্মী ঝাঁপি। পাশাপাশি একই সময়ে জি-বাংলার পর্দায় চলছে দুলারি। তাহলে এবার লক্ষ্মী ঝাঁপির নতুন প্রতিপক্ষ হতে চলেছে দুলারি।
নতুন ধারাবাহিকের স্লট নিয়ে জলসা কর্তৃপক্ষের ওপর বেশ চটেছেন দর্শকদের একাংশ। তাঁদের অভিযোগ, বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার অন্যতম ধারাবাহিক ‘ঘূর্ণি’ খুবই বোরিং, শুরু থেকেই ভালো টিআরপি দেয়নি এই মেগা। তা সত্ত্বেও ‘ঘূর্ণি’-কে আরও সুযোগ দেওয়া হচ্ছে চ্যানেলের তরফে। অন্যদিকে ‘লক্ষ্মী ঝাঁপি’-র জনপ্রিয়তা থাকা সত্বেও কীসের ভিত্তিতে স্লট কেড়ে নেওয়া হলো? এই নিয়ে নেটপাড়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন ধারাবাহিকের নিয়মিত দর্শকরা।

