
জি-বাংলার সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক নতুন ধারাবাহিকের গল্প সাজাচ্ছে স্টার জলসা। নতুনের গল্পের আগমনে বিদায় নিতে হচ্ছে পুরনো মেগাকে। ‘শুভবিবাহ’-র মতো সফল মেগা শেষ হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার বন্ধের পথে স্টার জলসার আরও এক জনপ্রিয় মেগা।
ইন্ডাস্ট্রির গুঞ্জন, রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার নতুন মেগা ‘গঙ্গা’ আসছে ১০ই মার্চ থেকে। সেই নতুন মেগাকে প্রাইম টাইম দেওয়ার ফলেই কি তবে কপাল পুড়ল এই মেগার? তেমনটাই মনে করছে দর্শক।
২০২৪-এর ডিসেম্বরে একরাশ নতুন স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল ‘গৃহপ্রবেশ’। দেখতে দেখতে ১৪ মাসেরও বেশি সময় পার করেছে এই টিম। অবশেষে শুক্রবার হয়ে গেল এই মেগার শেষ দিনের শুটিং। ক্যামেরার সামনে শেষবার ‘শুভলক্ষ্মী’ আর ‘আদৃত’ হিসেবে পোজ দিতে গিয়ে বারবার চোখ ঝাপসা হয়ে আসছিল ঊষসী-সুস্মিতদের।
আদৃত এবং শুভলক্ষ্মীর সম্পর্কের টানাপোড়েন আর ভালোবাসা দর্শকদের বেশ পছন্দের ছিল। হঠাৎ করে প্রিয় ধারাবাহিকের শেষের খবরে সমাজমাধ্যমে মন খারাপ প্রকাশ করেছেন ভক্তরা। ‘গৃহপ্রবেশ’ যেমনভাবে নতুন সংসার আর লড়াইয়ের গল্প শুনিয়েছিল, তা ছোটপর্দার দর্শকদের মনে ছাপ রেখে গিয়েছিল।

শুক্রবার ক্যামেরার লাইট-অ্যাকশন চিরতরে নিভে গেল ‘গৃহপ্রবেশ’-এর সেটে। এবার শুধু সময়ের অপেক্ষা, আগামী কয়েকদিনের মধ্যেই পর্দায় সম্প্রচারিত হবে এই মেগার অন্তিম পর্ব।

