
কিছুদিন আগেই অসুস্থতার কারণে ‘বিগ বস’ বাংলার ঘর ছাড়তে হয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তকে। তার তৈরি ডিজে মাউস থেকে শুরু করে আগমনীর গান সোশ্যাল মিডিয়ায় ভালো সাড়া ফেলেছে। বিশেষ করে শো চলাকালীন তাঁর গাওয়া গান রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিল।
বিগ বস হাউস থেকে বেরিয়ে সম্প্রতি একটি ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, আগামী সপ্তাহেই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। দীর্ঘদিন ধরেই শারীরিক যন্ত্রণার মধ্যে দিন কাটছে তাঁর। বাইরে থেকে তাঁকে দেখে অনেকেই হয়তো অসুস্থতার গভীরতা বুঝতে পারেন না। কিন্তু বাস্তবে ব্যথা কমানোর ওষুধ এবং অ্যান্টিবায়োটিকের সাহায্যেই দিন কাটাতে হচ্ছে তাঁকে। এমনকি ঠিকমতো খাওয়াদাওয়াও করতে পারছেন না তিনি। ফলে অনেকটাই ওজন কমে গিয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই ঝিলমের শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
পুজোর সময় অসুস্থ শরীর নিয়েই বিভিন্ন প্যান্ডেলে ঘুরতে দেখা গিয়েছিল ঝিলমকে। অনুরাগীদের সঙ্গে ছবি তোলা, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তও ধরা পড়েছিল। তবে বাইরে থেকে তাঁকে স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে যে কতটা কষ্টের মধ্যে রয়েছেন, তা এবার নিজেই জানিয়েছেন তিনি। পুজোর ব্যস্ততার কারণে নিজের চিকিৎসকের সঙ্গে দেখা করাও সম্ভব হয়নি। তাই আপাতত অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছেন তিনি। সেই সঙ্গে সকলের কাছে প্রার্থনার আবেদনও জানিয়েছেন।
তবে শারীরিক অসুস্থতার মাঝেও অনুরাগীদের জন্য একটি বড় সুখবর দিলেন ঝিলম। ‘বিগ বস’ বাংলা থেকে ফিরে নিজের সহ-প্রতিযোগীদের স্মরণীয় করে রাখতে একটি বিশেষ গান রেকর্ড করেছিলেন। ‘এই বাড়িতেও থাকতে এসো মা’ শিরোনামের সেই গানটিতে জায়গা পেয়েছিল তাঁর হাউসমেটদের নাম। কয়েক দিনের মধ্যেই গানটি সাত লক্ষেরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এখানেই শেষ নয়, ঝিলমের নিজের ইউটিউব পেজও সম্প্রতি এক লক্ষ সাবস্ক্রাইবারের গণ্ডি পেরিয়েছে।
সবচেয়ে বড় প্রাপ্তি, তাঁর গাওয়া গানটি দেশের গানের তালিকায় ৬২ নম্বর স্থান দখল করেছিল বলে জানিয়েছেন ঝিলম। একজন সাধারণ মানুষ হিসেবে গানকে ভালোবেসে যে সৃষ্টি তিনি করেছিলেন, তা এত মানুষের কাছে পৌঁছে যাওয়া তাঁর কাছে এক বিরাট সম্মান। বড় বড় শিল্পীদের গানের সঙ্গে নিজের গানকে একই তালিকায় দেখতে পাওয়া তাঁর কাছে যেন ট্রফি জয়ের সমান।
