শুটিং সেটে বড়সর বিপদ! মারাত্মক অসুস্থ ‘জোয়ার ভাটা’র ঋষি ওরফে অভিষেক বীর শর্মা, কি হয়েছে অভিনেতার?

 অভিষেক বীর শর্মা

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-র সেটে একের পর এক বিপদ। কিছুদিন আগেই সামনে এসেছিল গল্পে উজি ওরফে আরাত্রিকা মাইতির ভাঙা গলা নিয়ে বহু কষ্টের মধ্যেও শুটিং চালিয়ে যাওয়ার খবর। এবার জানা গেল, মেগার নায়ক ‘ঋষি’ ওরফে অভিনেতা অভিষেক বীর শর্মার মারাত্মক অসুস্থতার কথা। ঠিক কি হয়েছে অভিনেতার?

পায়ে গুরুতর ফ্র্যাকচার হয়েছে অভিষেকের। পায়ের মারাত্মক অবস্থাতেও শারীরিক কষ্টকে বুড়ো আঙুল দেখিয়ে টানা কাজ করে গিয়েছেন অভিনেতা। এক ফোঁটা বিরতি না নিয়ে, ক্যামেরার সামনে হিরোর মতোই একটার পর একটা অ্যাকশন শট দিয়েছেন তিনি।

পর্দার ভাইয়ের এই চরম পেশাদারিত্ব এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ তাঁর অনস্ক্রিন দিদি, অভিনেত্রী চাঁদনি সাহা। নিজের আবেগ ধরে রাখতে না পেরে সোশ্যাল মিডিয়ায় গৌরব ও সম্মানের সাথে এক দীর্ঘ পোস্ট লিখেছেন চাঁদনি।

ধারাবাহিকের সেটে সমস্ত কলাকুশলীদের এই অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে চাঁদনি সাহা লিখেছেন, ‘আমাদের ‘জোয়ার ভাঁটা’ টিমের সবাই সত্যিই খুব জান-প্রাণ দিয়ে কাজ করে। সেদিন দেখলাম আরাত্রিকাকে (উজি) ওর ভাঙা গলা নিয়ে কোনো কিছু না ভেবেই অবলীলায় নিজের পার্টটা করে যেতে। কিন্তু আমার ভাই, আমাদের হিরোও (অভিষেক) কিন্তু কম যায়নি! পায়ে ফ্র্যাকচার নিয়ে ও টানা পার্ট করে গেল। কোনো রকম ব্যথার প্রকাশ না দেখিয়ে ফ্লোরে একটার পর একটা শট ঠিক দিয়ে গেল। এমনকি মারপিটের মতো কঠিন দৃশ্যগুলোও ও পায়ের ওই অবস্থাতেই অবলীলায় করে দিল! তোমাদের দুজনের প্রতিই আমার মনে অসম্ভব সম্মান এবং শ্রদ্ধা তৈরি হয়ে গেল।’

টেলিকাস্টের চাপের কারণে কোনো মুখ্য অভিনেতা বা অভিনেত্রী অসুস্থ হলেও হুট করে শুটিং বন্ধ করা সম্ভব হয় না। তারসঙ্গে বাড়তি চাপ টিআরপি তালিকায় এক নম্বর স্থান ধরে রাখা। তবে দুই প্রধান চরিত্রের এই হাড়ভাঙা খাটুনি আর ডেডিকেশন দেখেই এখন ধন্য ধন্য করছে টলিপাড়া। দর্শকদের বিনোদনের জন্য পর্দার আড়ালে অভিনেতারা যে কতটা রক্ত-ঘাম ঝরান, চাঁদনির এই পোস্টটি আরও একবার তা প্রমাণ করে দিল।