‘আমার পক্ষে এই শো চালানো অসম্ভব… এতটা যন্ত্রনা সহ্য করা কঠিন…’, আচমকাই বড় সিদ্ধান্ত নিলেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

গত মাসেই শুরু হয়েছে কেবিসির ১৮তম সিজন। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এই সিজনেও সঞ্চালক হিসেবে চেনা মেজাজেই ফিরেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ৮০ পার করা বয়সেও কেবিসি ১৮-এর মঞ্চে প্রতিযোগীদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাঁদের লড়াইকে সম্মান জানানো বরাবরই অনুগামীদের মন ছুঁয়ে গেছে। কিন্তু কেবিসি’র চলতি সিজন এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে অমিতাভের কাছে? আচমকা কি এমন হল বিগ বি’র।

নিজের ব্যক্তিগত টাম্বলার (Tumblr) ব্লগে নিজের মনের যন্ত্রণা প্রকাশ করে অমিতাভ লেখেন, ‘কিছু প্রতিযোগী তাঁদের জীবনের এত গুরুতর ও মর্মান্তিক ব্যক্তিগত কাহিনী নিয়ে আসেন যে, তাঁদের জন্য নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করা তো বটেই, এমনকি শো চালিয়ে যাওয়াও অসম্ভব হয়ে পড়ে।’ তিনি আরও জানান, চ্যানেলের সঙ্গে সঞ্চালকের পেশাদার চুক্তি ও কিছু গোপনীয়তার খাতিরে তিনি বিস্তারিত কিছু লিখছেন না, তবে এই অভিজ্ঞতা তাঁর জন্য অত্যন্ত হৃদয়বিদারক।

হটসিটে বসা প্রতিযোগীদের জীবনের কঠিন বাস্তব ও দুঃখের গল্প শুনে অনেক সময় সঞ্চালক হিসেবে নিজের আবেগ ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় অভিনেতার কাছে।

চলতি সিজনে কেবিসির মূল মন্ত্র—জ্ঞান অর্জনের পাশাপাশি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া। অমিতাভ বচ্চন শো-এর প্রচারে এক গলফ কোর্সের ভিডিওর মাধ্যমে সুন্দর বার্তা দিয়ে জানিয়েছিলেন, ছোটবেলা থেকে দ্রুত উত্তর দেওয়াকে সাফল্যের চাবিকাঠি হিসেবে শেখানো হলেও, জীবনে অনেক সময় প্রথম দেওয়া উত্তরটি সঠিক নাও হতে পারে। তাই আগে থামা এবং ভাবা প্রয়োজন।