
বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ সোনালি চৌধুরী। সম্প্রতি স্বামী, ছেলে নিয়ে সুখে সংসার অভিনেত্রীর। মা হওয়ার পর থেকে অদ্ভুদ টানাপড়েন যেন সোনালির নিত্যসঙ্গী। মা হিসাবে নিজেকে নিজেই নম্বর দেন প্রতিনিয়ত। এবার সোনালি জানালেন মা হিসাবে তার লড়াইয়ের কথা। আগামি ৫ জুন থেকে অভিনেত্রী এ বার ‘মা দি বস্’ নামক রিয়্যালিটি অনুষ্ঠানের সঞ্চালিকা।
এই অনুষ্ঠানটি করতে গিয়ে মা হিসাবে অন্য অনেক অভিজ্ঞতা হচ্ছে সোনালির। সোনালির কথায়, ‘প্রত্যেক মায়ের সঙ্গে প্রত্যেক সন্তানের রসায়নটা আলাদা। সেটা তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আমার যেমন কখনও মনে হয়, মা হিসাবে আমি নিজেকে ১০-এ দুই দিলাম। আবার কোনও দিন মনে হয় ১০-এ আট দিলাম। নিজের সঙ্গে এই লড়াইটা প্রতিনিয়ত চলতে থাকে। এই আত্মগ্লানিতেই যেন ভুগি সর্ব ক্ষণ। এই অনুষ্ঠানে কত ‘সিঙ্গল’ মায়ের সঙ্গে আলাপ হয়েছে। কত মা তাঁর সন্তানের জন্য হাসিমুখে তাঁদের কেরিয়ার বিসর্জন দিয়েছেন। এই অনুষ্ঠানটা করতে গিয়ে নিজের লড়াইটা খুব ক্ষুদ্র মনে হচ্ছে।’
সোনালির ছেলেকে দেখাশোনা করার জন্য একজন সহকারী আছেন। তবু তিনি চেষ্টা করেন, বেশির ভাগ সময়টা ছেলেকে দিতে। অভিনেত্রীর ছেলে এখন ‘কেজি ওয়ান’-এ পড়ে। তার শৈশবের প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকতে চান সোনালি। পাশাপাশি স্বামী বাইরে থাকায় দু-মাসে এক বার হয়তো আসতে পারেন। তাই অনেক দায়িত্বই তাঁর কাঁধে। তবে সংসার বা সন্তান মানুষ করতে গিয়ে কাজ কমে যাওয়ায় কোনও আক্ষেপ নেই সোনালির।
সোনালির কথায়, ‘আমি যখন যেটা করি, সেটা মন দিয়ে করি। তাই আক্ষেপ নেই। আসলে আমি পরে আফসোস করতে চাই না যে, ছেলেটার বড় হওয়াটা দেখতে পারলাম না! তাই নিজেকে অনেক বেশি ব্যস্ত করিনি। সেটা হয়তো আমাদের পেশা বলেই সম্ভব, অন্য কোনও পেশায় থাকতে হয়তো পারতাম না। আমার ছেলের যাতে কখনও মনে না হয় যে, মা আমাকে সময় দিল না।’
তাহলে সোনালির সংসারে কি তিনিই বস্? অভিনেত্রী হেসে জানান, ‘আমার ‘বস্গিরি’ শুধু কর্মক্ষেত্রে। আমার ছেলেও আামাকে খুব ভয় পায় বলে মনে হয় না। বলা ভাল, ও আমাকে খুব ভয় পাক সেটা চাই না। খুব নিয়মের বেড়াজালে আমি সন্তানকে মানুষ করতে চাই না। ওর যেটা ইচ্ছে, বরং সেটাই করুক। তবে কিছু ক্ষেত্রে যে শাসনটা প্রয়োজন, সেটা করি।’’
