
শত কষ্ট, শারীরিক অসুস্থতা বা মানসিক চাপ সামলেও ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ানোটাই অভিনেতা অভিনেত্রীদের কর্তব্য। ঠিক তেমনই এক অনন্য নজির গড়লেন ‘জোয়ার ভাটা’র উজি ওরফে আরাত্রিকা মাইতি। একের পর এক সুপারহিট ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন আরাত্রিকা। তবে বেশকিছু দিন যাবদ শরীর ভালো যাচ্ছে না অভিনেত্রীর।
গলায় মারাত্মক সমস্যা দেখা দিয়েছে আরাত্রিকার। কথা বলতে বা গলার স্বর স্বাভাবিক রাখতেও খুবই কস্ট হচ্ছে অভিনেত্রীর। অন্যদিকে গলার এই সমস্যা নিয়ে শুটিং চালিয়ে যাওয়া যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে অভিনেত্রীর কাছে। তবে গলায় অসহ্য যন্ত্রণা সত্বেও সম্প্রতি একটি বিশেষ এপিসোডের শুটিংয়ে অংশ নেন আরাত্রিকা। পর্দায় যখন তিনি হাজির হলেন, তখন বোঝার উপায় ছিল না যে পর্দার পেছনের মানুষটি কতটা অসুস্থ।
গলার সমস্যাকে এক ফোঁটাও নিজের অভিনয়ের ওপর প্রভাব ফেলতে দেননি তিনি। বরং ক্যামেরার সামনে আরাত্রিকা যেভাবে সংলাপ বলেছেন তা দেখে শুটিং সেটের সহকর্মী থেকে শুরু করে উপস্থিত সকলেই রীতিমতো অবাক হয়ে যান। অসুস্থতার কারণে সাধারণত মানুষের আত্মবিশ্বাস কিংবা শারীরিক যে ক্লান্তি দেখা যায়, আরাত্রিকার ক্ষেত্রে তার বিন্দুমাত্র আভাস পাওয়া যায়নি। এক মুহূর্তের জন্যও তিনি নিজের আত্মবিশ্বাস হারাননি, বরং দর্শকরা টেলিভিশনের পর্দায় আরাত্রিকার কাছ থেকে যে ধরনের জমজমাট ও আগুনঝরা পারফরম্যান্সের আশা করেছিলেন, অভিনেত্রী তাঁদের সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করেছেন। কাজের প্রতি তার দায়বদ্ধতা কতখানি গভীর তা প্রমাণ করলেন আরাত্রিকা মাইতি।
অসুস্থতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। তেমন বড় কিছু হয়নি, আসলে গলাটা একদম বসে গিয়েছিল। ডাক্তারবাবু আমাকে কড়া নির্দেশ দিয়েছিলেন যাতে কমপক্ষে তিনদিন গলাটাকে একটু বিশ্রাম দিই (কথা বলা বন্ধ রাখি)। কিন্তু মেগা সিরিয়ালের ডেইলি সোপে সেটা তো কোনোভাবেই সম্ভব নয়! ওই অবস্থাতেই সেটে গিয়ে চিৎকার করে করে সংলাপ বলতে হয়েছে, যার কারণে গলার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তবে এখন ভগবানের আশীর্বাদে একটু ভালো আছি।’
