ফের সন্তানহারা হল সায়নীর মা! সায়নীর পর চলে গেল আরেক মেয়ে, চোখে জল নিয়ে জানালেন মলি চক্রবর্তী

সায়নী চক্রবর্তী

একটা সময় অবলা প্রানীদের নিয়ে ভিডিও করেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী। কিছুদিন আগেই সায়নীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার খবরে হইচই পরে যায় নেটপাড়ায়। সায়নীর চলে যাওয়ার পর থেকে তার মা মলি চক্রবর্তী ও গোটা পরিবার যেন এক গভীর অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছিলেন। বড় মেয়ের এই আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই, সায়নীর পরিবারের ওপর নেমে এলো আরও এক মারাত্মক আঘাত। ফের সন্তানহারা হলেন সায়নীর মা।

সায়নীর মৃত্যুর পর থেকে যেন সবকিছুই বদলে গিয়েছে তাঁর জীবনে। হাসি, আনন্দ, স্বাভাবিক জীবন সবকিছুই আজ অতীত। কোনওরকমে নিজেকে শক্ত রেখে বেঁচে থাকার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ভাগ্য আবারও এক মায়ের কোল খালি করল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে কান্নাজড়িত গলায় মলি জানান, কয়েকদিন আগে তাঁদের প্রিয় পোষ্য সুধা একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ঘটনাটি ঘটেছিল চার দিন আগে। কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ায় এতদিন কাউকে কিছু জানাতে পারেননি তিনি।

দুর্ঘটনার পর থেকেই তার চিকিৎসা চলছিল, পরিবারটি তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টাও করেছিল। কিন্তু শেষরক্ষা আর হলো না; সবাইকে কাঁদিয়ে চলে গেল ছোট্ট সুধা। সায়নীকে হারানোর পর এবার তার প্রিয় সুন্দরীর সন্তানও চিরতরে বিদায় নিল। সায়নী চলে যাওয়ার পর সুন্দরীই ছিল তাঁদের বড় অবলম্বন, আর আজ সেই সুন্দরীর কোলটাই খালি হয়ে গেল। সায়নীর মৃত্যুর পর এই দুর্ঘটনা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না অসহায় মা মলি চক্রবর্তী।