
একটা বছর, অসংখ্য অনুভূতি, গল্প, হাসি-কান্না আর আমাদের সকল দর্শকের ভালোবাসা নিয়ে এই সুন্দর পথচলা। এক বছর আগে আজকের এই দিনেই শুরু হয়েছিল একটি গল্প, আর আজ তা শুধু একটি সিরিয়াল নয় — অসংখ্য মানুষের আবেগ, ভালোবাসা আর প্রতিদিনের অভ্যাস হয়ে উঠেছে।
শুরু থেকেই বিতর্কের মাঝেই থেকেছে জি-বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক। তবে সমস্ত ঝড়-ঝাপটা সামলে এবার এক বছরে পা রাখল চিরদিনই তুমি যে আমার। মাঝে দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক ছেড়ে দেওয়াতে আর নতুন অভিনেত্রী শিরিন পালের এন্ট্রিতে গল্প কিছুটা টাল মাটাল পরিস্থিতিতে পৌছালেও অবশেষে হাসি মুখে এক বছরের পুর্তিতে সেলিব্রেশনে মাতল আর্য- অপর্ণার গল্প। তবে গুঞ্জন শোনা যাচ্ছে চলতি মাসেই নাকি ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে। সেই খবর কতটা সত্যি তা এখনও স্পষ্ট নয়।
সম্প্রতি ৩৬৫ এপিসোড পুর্ণ হওয়ায় কেক কেটে সেলিব্রেশন চলল চিরদিনই তুমি যে আমারের সেটে। এদিন ধারাবাহিকে সকল সদস্যের সাথে উপস্থিত ছিলেন ধারাবাহিকের পুরো টিম মেম্বাররাও। যা দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এমনকি আগামীতেও যাতে এইভাবেই গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেই কামনাই করেছেন নেটিজেনরা।
