রাহুলের মৃত্যুর পরেই দোষারোপ! চাপে পড়েই এবার বড় পদক্ষেপ নিলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়

লীনা গঙ্গোপাধ্যায়

ইতিমধ্যেই রাহুলের মৃত্যু ঘিরে যে হাজারো প্রশ্ন উঠেছে তাতেই হইচই পরে গিয়েছে আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে প্রযোজনা সংস্থায়। ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন কেন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি, অনুমতি না নিয়ে সমুদ্র এলাকায় শুটিং এমন অনেক প্রশ্ন নিয়ে আঙুল তোলা হয় ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের দিকে।

টলি ইন্ডাস্ট্রির প্রত্যেকে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সরব হন। এমনকি সদ্য স্বামীহারা প্রিয়াঙ্কাও আইনি পদক্ষেপ নেয় লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা। এসবের মধ্যেই এবার বড় সিদ্ধান্ত নিলেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়।

নিরপেক্ষ বিচারের জন্যই নাকি লেখিকার এমন সিদ্ধান্ত। রাজ্যের মহিলা কমিশনের সভাপতি পদ ছাড়ছেন লীনা। লীনা গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্তের কথা জানান পরিচালক তথা লেখিকার সহকর্মী শৈবাল।

রাহুলের মৃত্যুর পর থেকে ইউনিটের সদস্যদের পরস্পর বিরোধী বয়ান একটি বিশাল বড় ধোঁয়াশা তৈরি করেছিল। রাহুলের মৃত্যুর পরে লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, গভীর জলে কোনও শ্যুট ছিল না। কিন্তু পরবর্তীকালে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তিনি স্পটে ছিলেন না এবং সেখানে কী ঘটেছে তিনি জানেন না।

শ্যুটিং স্পটে সুরক্ষার অভিযোগ নিয়ে লীনা জানিয়েছিলেন, অ্যাম্বুলেন্স না থাকলেও ঘটনাস্থলে বোটের ব্যবস্থা ছিল। তবে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর কিছু তিনি বলতে রাজি হন না।

অবশেষে এই গোটা ঘটনার জন্য প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের গাফিলতিকেই দায়ী করা হয়। এই সবকিছুর মধ্যে এবার লীনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের সভাপতি পদ ছেড়ে দেওয়ার মতো একটা বড় সিদ্ধান্ত নিলেন।