
সিরিজ থেকে সিনেমা সর্বত্র দুর্দান্ত অভিনয় করলেও ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে শ্রুতি দাসের অভিনয় যেন আলাদা মাত্রা এনে দিয়েছে। শ্রুতির অভিনয় যে সাধারণ মানুষের মনেও ছাপ ফেলেছে, তা বঝা গেল অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা থেকে। ঠিক ঘটল পর্দার নিশার সাথে?
ধারাবাহিকের পর্দায় যারা খলনায়ক অথবা খলনায়িকার চরিত্রে অভিনয় করেন, তারা বাস্তব জীবনে বহুবার এমন ঘটনার সম্মুখীন হন যেখানে সাধারণ মানুষ তাঁদের প্রকাশ্যে গালিগালাজ করেন। ঠিক তেমনই কিছু অভিজ্ঞতার সম্মুখীন হলেন শ্রুতি।
সম্প্রতি দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে শ্রুতি জানান, রাস্তাঘাটে উবার ড্রাইভাররা আজকাল স্ক্যানার দিতেও মানা করে দিচ্ছেন তাঁকে। লুকিং গ্লাস দিয়ে তাঁকে দেখতেই তাঁরা ভয় পেয়ে যাচ্ছেন আর স্ক্যানার দিতে চাইছেন না। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি তাই স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান অভিনেত্রী।
শ্রুতি বলেন, ‘এটা ভীষণ চাপের একটা বিষয়। সবাই ভাবছে নিশা যদি স্ক্যাম করে নেয়। এটা যেন নিশার প্রতি মানুষের ভয়! লোকজন এরকম তটস্থ হয়ে থাকলে তো ভীষণ মুশকিল। আমি একজন সাদামাটা মানুষ, আমাকে যদি কেউ স্ক্যামার ভাবে তাহলে মহা বিপদ। আমি নিজেই খেটে রোজগার করি। আমি কেন কারও টাকা মারব?’
শ্রুতির কথায়, ‘তবে এটা একটা এচিভমেন্ট। এটা আমার কাছে একটা পাওনা যে চরিত্রটাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছি আমি।’
