‘প্রথম যখন এসেছিলাম…অনেক কিছু হতে পারত…ভেবেছিলাম…’, আক্ষেপ অভিনেত্রী সোনালি চৌধুরীর?

অভিনেত্রী সোনালি চৌধুরী

অভিনয় জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোনালি চৌধুরী। অগ্নিপরীক্ষা ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেছিলেন। ছোটপর্দার পাশাপাশি কাজ করেছেন বড়পর্দাতেও, বর্তমানে অভিনয় করছেন ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে।

অভিনয় জীবন প্রায় কুড়ি বছরের বেশি। আনন্দবাজার ডট কমের কাছে এত বছর অভিনয়জীবন সম্পর্কে বলতে গিয়ে সোনালি জানান, “আমি আমার ছোটপর্দা নিয়ে খুবই সন্তুষ্ট। এক জন অভিনেতা সব সময়ে চান বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে। আমার কোনও আক্ষেপ নেই। ছোটপর্দা আমাকে ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক বড়পর্দাতেও হয়তো এমন অনেক কাজ করতে পারতাম। যেগুলো আমার সঙ্গে হয়নি, অনেক কিছু হতে পারত।”

অভিনেত্রী আরও বলেন, “প্রথম যখন এসেছিলাম, ভেবেছিলাম অনেক অনেক কাজ করব। যতটা কাজ করব ভেবেছিলাম, ততটা হয়নি। তবে ফিরে তাকালে এত বছর পরে মনে হয়, শুরুতে তো এটাই ভাবতে পারিনি যে অভিনয়জগতে এতদিন টিকে যাব। কারণ, আমার পরিবারের কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না। তাই টানা কাজ করতে পারছি, এটাই তো আনন্দের কথা। তাই কোনও কিছু নিয়ে দুঃখ, অভিমান, আক্ষেপ নেই আমার।”