
সঙ্গীত জগতকে বিদায় জানালেন আশা ভোঁসলে। ৯২ বছরে থামল যাত্রা। আট দশকের দীর্ঘ কেরিয়ারে তিনি ২০টিরও বেশি ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী।
মাত্র ১০ বছর বয়সে প্রথমবার সিনেমায় গান গেয়েছিলেন। মারাঠি ছবি ‘মাজা বাল’। পারিশ্রমিক পেয়েছিলেন ১০০ টাকা। একটা সময় চরম আর্থিক কষ্ট, মানসিক কষ্টে দিন কাটলেও বর্তমানে তিনি ভারতের ১০ম ধনী গায়িকা। তবে জানেন কি আশা ভোঁসলে মোট সম্পত্তির পরিমান ঠিক কত?
২০২৬ সালের হিসেব অনুযায়ী, গায়িকার মোট সম্পত্তির আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। তবে এ-ও শোনা যাচ্ছে, সব মিলিয়ে গায়িকার সম্পত্তি ২০০-২৫০ কোটি টাকার। ভারতের সবচেয়ে ধনী ১০ জন গায়িকার মধ্যে তিনি এক জন ছিলেন বলে জানা যাচ্ছে। শুধুই ছবিতে প্লেব্যাক গাওয়া নয়, মঞ্চে অনুষ্ঠান, বিদেশের অনুষ্ঠানের মাধ্যমেও উপার্জন করেছেন তিনি। এর পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে অতিথি বিচারক হিসাবেও তাঁকে দেখা গিয়েছে।
গানের বাইরে তাঁর শখ ছিল খাবারের। সেখান থেকেই নিজের রেস্তরাঁ তৈরির ভাবনা শুরু আশার। আবু ধাবি, দুবাই, কুয়েত, ইংল্যান্ডেও রয়েছে তাঁর রেস্তরাঁ। তাঁর রেস্তরাঁয় বিশেষ ভাবে ভারতীয় খাবারই পাওয়া যায়।
মুম্বইয়ের লোয়ার পারেলের বাড়িতে আশার শেষ দিনগুলি কেটেছে। এ ছাড়াও মুম্বই শহরে তাঁর আরও বাড়ি রয়েছে। পুণেতেও রয়েছে একটি বাড়ি। মুম্বইয়ের পেডার রোডের প্রভু কুঞ্জে রয়েছে তাঁর একটি বাড়ি। শোনা যায়, মোট ৮০-১০০ কোটি টাকার জমি বাড়ি রয়েছে আশার। বলিউডের স্বর্ণ যুগের গায়িকা হলেও আজও তিনি ভারতের অন্যতম বিত্তশালী গায়িকা।
