
ফের শোকের ছায়া বিনোদন জগতে। চলে গেলেন জনপ্রিয় প্রবীণ অভিনেতা। বৃহস্পতিবার ২৬ মার্চ, চলচ্চিত্র জগতকে চিরবিদায় জানালেন অভিনেতা। শিল্প মহলের সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ৭১ বছর বয়সেই প্রয়াত মালয়ালম চলচ্চিত্র জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইএ রাজেন্দ্রন (E A Rajendran)।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ২৭ মার্চ তাঁর জন্মস্থান ত্রিশূরের ত্রিথাল্লুরে শেষকৃত্য সম্পন্ন হবে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতে সেখানে উপস্থিত থাকবেন পরিবার-পরিজন, সহকর্মী ও অনুরাগীরা। মালয়ালম চলচ্চিত্র ও নাট্যজগত এক অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিল্পীকে হারাল। অভিনয় জগতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
ব্যক্তিগত জীবনে ই এ রাজেন্দ্রন ছিলেন অভিনেতা মুকেশের শ্যালক। তিনি বিখ্যাত থিয়েটার পরিচালক মাধবনের জামাতা ছিলেন। মাধবনের কন্যা ও মুকেশের বোন সন্ধ্যাকে বিয়ে করার পর তিনি কোল্লামের পাট্টাথানামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী সন্ধ্যা রাজেন্দ্রন এবং পুত্র দিব্যদর্শন।
অভিনয় জীবনের শুরুটা হয় থিয়েটার মঞ্চে। নয়াদিল্লির ন্যাশানাল স্কুল অফ ড্রামা এবং Film and Television Institute of India-এর প্রাক্তনী হিসেবে তিনি অভিনয়ের মজবুত ভিত গড়ে তোলেন। পরে ১৯৮১ সালে ‘Grihasthan’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।

