
বেশ কিছুদিন আগেই ‘পরশুরাম’ ধারাবাহিকে নায়িকা তৃনা সাহা ও খুদে শিল্পী অভিনব বিশ্বাসের মধ্যে ঝামেলায় রীতিমত শোরগোল ফেলেছিল। তারপরে পরিস্থিতি কিছুটা সামলানো গেলেও হঠাৎই লাট্টুকে আর দেখা যাচ্ছে না ধারাবাহিকে। সহ অভিনেতাদের সঙ্গে মনোমালিন্য, আর তার জেরেই কি বাদ পড়লেন ‘লাট্টু’? স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে হঠাৎই চরিত্র বদলের জল্পনা এখন তুঙ্গে।
গল্পে যদিও দেখানো হয়েছিল লাট্টু হারিয়ে গিয়েছে। কিন্তু এর পিছনের গল্পটা ছিল একটু অন্যরকম। শোনা গিয়েছিল, অভিনবর সঙ্গে নাকি প্রযোজনা সংস্থার বচসা তৈরি হয়েছিল। তখনই শোনা গিয়েছিল, লাট্টুর চরিত্রে এবার দেখা যেতে চলেছে নতুন মুখকে। এমনকি অভিনবের মা সমাজমাধ্যমে কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করায় সেই জল্পনা আরও জোরদার হয়।
এই পরিস্থিতিতেই সামনে এল নতুন আপডেট, ‘লাট্টু’র চরিত্রে দেখা যেতে চলেছে শিশু অভিনেতা সার্থক মল্লিককে। ইতিমধ্যেই শুটিং শুরু করেছে সার্থক। খুব তাড়াতাড়িই নতুন লাট্টুকে দেখা যেতে চলেছে ধারাবাহিকে। গল্পেও আসছে বড় মোড়। বিজিত ও নন্দিনীকে জেরা করতে গিয়ে পরশুরামের ডায়লগ ‘হাতে কুঠারের বদলে প্রহার’ এর মধ্যেই এন্ট্রি নেবে নতুন লাট্টু। অন্যদিকে তটিনী ও পরশুরামের একসঙ্গে লড়াই, শত্রু দমনে জুটি বেঁধে নামা, আর তার মাঝেই পরিবারের আবেগ—সব মিলিয়ে জমে উঠছে কাহিনি।
পরশুরাম ও তটিনীর দুই ছেলে-মেয়ে লাট্টু ও পিকুকে দর্শক দেখতে দারুণ পছন্দ করেন। ছোট্ট দুই অভিনেতার অভিনয়, ধারাবাহিকে যেন আলাদা মাত্রা এনে দেয়। এতদিন অভিনবকেই ‘লাট্টু’ হিসেবে দেখেছেন দর্শক। ভালবাসাও দিয়েছেন তাকে। তবে এবার সেই চরিত্রে সার্থক কতটা মন জয় করতে পারে এখন সেটাই দেখার। গল্পের নতুন এই মোড় টিআরপিতে কতটা প্রভাব ফেলতে পারে সেটা দেখার জন্য অপেক্ষায় আছেন ধারাবাহিকের অনুরাগীরা।
