
বাংলা চ্যানেলগুলিতে চলতি মাসে একের পর এক ধারাবাহিক এসেছে। যার জন্য জনপ্রিয় বেশ কিছু ধারাবাহিক বন্ধ হয়ে যেতে চলেছে। আর প্রিয় ধারাবাহিক অল্প সময়ের মধ্যে হারিয়ে মন খারাপ হয়ে পড়ছে দর্শকদের।
অবশেষে প্রকাশ পেল স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গঙ্গা’র সময়। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল ধারাবাহিকের প্রোমো। এবার সময় ঘোষণা করল চ্যানেল। ধারাবাহিক টিভির পর্দায় আসতে চলেছে ১০ ই মার্চ থেকে জলসার পর্দায়। রাত ৯ টার স্লটে আসবে এই ধারাবাহিক। স্লট ঘোষণা হতেই টেলিপাড়ায় জোর চর্চা। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় দেখা মিলবে হিয়া-সাহেবের জুটির। তবে দর্শকের মনে প্রশ্ন নতুন ধারাবাহিক ‘গঙ্গা’র জন্য কোন ধারাবাহিক বন্ধ হয়ে যাবে?
বর্তমানে এই সময় সম্প্রচারিত হচ্ছে স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরসখা’। যা দর্শক মহলে বিরাট জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ‘চিরসখা’ ধারাবাহিক বন্ধ হতে চলেছে। তবে সত্যিই কি বন্ধ হয়ে যায় কলমিনী-নতুনের পথ চলা?
অনেকেই ভেবেছিলেন হয়তো বন্ধ হয়ে যাচ্ছে ‘চিরসখা’। কিন্তু চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কলমিনী আর নতুনের এই মিষ্টি প্রেমের গল্প এখনই ফুরিয়ে যাচ্ছে না। ১০ই মার্চ থেকে ‘চিরসখা’ দেখা যাবে রাত ১০টার স্লটে। অর্থাৎ প্রাইম টাইম থেকে সরে গিয়ে এবার রাত দখল করতে হবে অপরাজিতা-সুদীপ জুটিকে। ১০ই মার্চ থেকে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হচ্ছে এক নতুন পরীক্ষা। একদিকে নতুন জুটির অভিষেক, অন্যদিকে পুরনো চাল ভাতে বাড়ার মতো অপরাজিতাদের টিকিয়ে রাখার লড়াই।
‘চিরসখা’ ধারাবাহিকে সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে অপরাজিতার রসায়ন শুরু থেকেই হিট। অন্যদিকে, দীর্ঘদিন পর সাহেবের কামব্যাক এবং হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটিকে রাত ৯টায় নিয়ে এসে চ্যানেল বড়সড় বাজি ধরেছে। গঙ্গা পাড়ের প্রেক্ষাপটে এই নতুন গল্প দর্শকদের কতটা টানতে পারে, তা নিয়ে এখন থেকেই উৎসাহ তুঙ্গে।

